বগুড়া, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সান্তাহার খাদ্য গুদামের ৬১ মেট্রিক টন চাল আত্মসাত ও দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সাবেক উপ-পরির্দশক ও গুদাম ইনচার্জ ফজলার রহমান এবং পরিদর্শক আমজাদ আলীকে কারাদণ্ড দিয়েছে আদালত।
ফজলার রহমানকে এক বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুনীতি প্রতিরোধ আইনে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরিদর্শক আমজাদ আলীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক আনোয়ার হোসেন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই শিক্ষানবিশ কর্মকর্তা আব্দুল জলিল ও জিতেন্দ্রনাথকে খালাস দেওয়া হয়।
১৯৯০-৯১ সালে সান্তাহার খাদ্য গুদামে কর্মরত অবস্থায় দণ্ডিতরা ছয় লাখ ছয় হাজার ৬৫৯ টাকা মুল্যের ৬১ দশমিক ২৪ মেট্রিক টন চাল এবং ১৪৩ টি খালি বস্তা আত্মসাত করেন। পরে তখনকার দুর্নীতি দমন ব্যুরোর বগুড়ার সহকারী পরিচালক এসএম রহমতুল্ল্যাহ তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি আইনজীবী আবুল কালাম আজাদ। আসামিপক্ষে ছিলেন আব্দুল মতিন, বিনয় কুমার রজত ও কুদরত-ই খোদা।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল মতিন জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24