ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) এ পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করেছে বলে জানিয়েছেন কমিশন সদস্য আসিফ আলি। বুধবার সত্য ও জবাবদিহিতা কমিশন কার্যালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আসিফ আলি বলেন, "কমিশন কাজ শুরু করার আগে পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী সাপ্তাহিক, মাসিক ও ষান্মাষিক হিসেবে কাজ ভাগ করে নেওয়া হয়। আর এ কারণেই কমিশন গত তিন মাসে মোট কাজের শতকরা প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছে। নিদিষ্ট সময়ে শতভাগ কাজ সম্পন্ন করা হবে। এইভাবে কোনো প্রতিষ্ঠান কাজ করলে সেই প্রতিষ্ঠানে কাজের গতি যেমন ফিরে আসবে তেমনি কোনো সমস্যা হবে না।"
ব্রিফিংয়ে কমিশনের চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, "১৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে সুফল পাওয়া গেছে। এই সময়ের মধ্যে ৫৯টি আবেদন এসেছে। তবে আর সময় কোনোভাবেই বাড়ানো যাবে না। আগামী বছরের জানুযারির ৯ তারিখে এর মেয়াদ শেষ হয়ে যাবে। ট্রুথ কমিশন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়টি উন্মোচিত করেছে। এ ব্যাপারে একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে কমিশন।"
প্রতিবেদনে ট্রুথ কমিশনের মতো কোনো প্রতিষ্ঠান করার ব্যাপারে সুপারিশ থাকবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে তিনি জানান, দুর্নীতিগ্রস্ত যেসব প্রতিষ্ঠান নিয়ে কমিশন কাজ করেছে সে ব্যাপারে সুনিদিষ্ট প্রস্তাব থাকবে। দূর্নীতি দূর করতে হলে বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান পরিকল্পনার পরিবর্তন ঘটাতে হবে বলে মন্তব্য করেন চেয়ারম্যান।
কমিশনের আরেক সদস্য মঞ্জুর রশিদ বলেন, "এখানে কাজ করতে গিয়ে একটি প্রতিষ্ঠানে দুর্নীতির ভয়াবহতার চিত্র জানতে পেরেছি। তাছাড়া দুর্নীতি ধামা-চাপা দেয়ার চেষ্টার নমুনাও আমাদের কাছে আছে।"
সাবেক বিটিটিবি'র (বর্তমানে বিটিসিএল) নাম উল্লেখ করে তিনি জানান, এই প্রতিষ্ঠানের নীচ থেকে ওপর পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। বড় কর্তারা মাসিক দেড় লাখ টাকা পর্যন্ত সন্মানি ভাতা গ্রহণ করেছে। যে ভাউচারে এই ভাতা নিয়েছে সেটাও আবার জাল। এদের দু-একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা অস্বীকার করেছেন।"
তিনি বলেন, "বিটিটিবি'র নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে নিজেদের দুর্নীতির তদন্ত এর আগে যে হয়েছে সেখানেও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এ ধরণের একটি কেসে জড়িতদের অনুকম্পার আবেদন আসে। এটা তদন্ত করতে গিয়ে দুর্নীতির ভয়াবহ চিত্র পাওয়া যায়। কেসটি পূর্ণাঙ্গ তদন্তের জন্য আবার দুর্নীতি দমন কমিশনে ফেরত পাঠানো হবে।"
কর্মকর্তারা জানান, কমিশনে এ পর্যন্ত মোট ৩৮৯টি 'অনুকম্পা' আবেদন এসেছে। এর মধ্যে রাজনীতিবিদ দুইজন, ব্যবসায়ী ২৮জন সরকারি কর্মচারী ও তাদের স্ত্রী ৩৪২জন এবং অন্যান্য পেশার ১৭জন। এদের মধ্যে দুর্নীতি দমন কমিশন ১৯২জনকে পাঠিয়েছে, গুরুতর অপরাধ জাতীয় সমন্ময় কমিটির মাধ্যমে এসেছেন ১৬৭জন এবং ১০জন এসেছেন আদালতে মাধ্যমে। আর স্বেচ্ছায় এসেছেন ২০ জন। আবেদনকৃতদের মধ্যে ২৫৯ জনের শুনানি শেষ হয়েছে। ১০৫ জনকে মার্জনাপত্র দেওয়া হয়েছে। সরকারি কোষাগারে এ পর্যন্ত ১৪ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা জমা পড়েছে।
গত ৮ জুন রাষ্ট্রপতি 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' অধ্যাদেশ জারি করেন। এর আওতায় সত্যতা ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/টিএইচ/
bdnews24