নোয়াখালী, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষক নিয়োগসহ তিন দফা দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার একাডেমিক ও প্রশাসনিক ভবন ভাঙচুর করেছে।
তারা কলেজের চিফ ইনস্ট্রাক্টর আবু সিনহা রোকুনুল কাদেরকে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থায়ী শিক্ষক নিয়োগ, স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ পর্যন্ত খণ্ডকালীন শিক্ষকের ব্যবস্থা করা এবং কলেজ পরিচালনায় সরকারি বরাদ্দ- এ তিনটি দাবি পূরণে গত ১ নভেম্বর তারা কলেজ কর্তৃপক্ষকে ১০ দিনের আল্টিমেটাম দেয়। কিন্তু দাবি পূরণে কৃর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ শুরু করেন।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন জানান, শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনের দরজা-জানলা ভাঙচুর করেছে। এ সময় তারা বস্ত্র সচিবের কুশপুত্তলিকাও দাহ করে।
তিনি জানান, শিক্ষার্থীরা এক পর্যায়ে কলেজের চিফ ইনস্ট্রাক্টর আবু সিনহা রোকুনুল কাদেরের কক্ষে তালা লাগিয়ে দেয়। তখন ওই কক্ষে আবু সিনহা এবং আরও কয়েকজন শিক্ষক ছিলেন।
খবর পেয়ে এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করে। শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নেয় বলে এসআই নেজাম জানান।
এ ঘটনার পর বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজারুল মান্নান তার কক্ষে ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছের মোহাম্মদ শামীম ১৪ নভেম্বর ক্যাম্পাসে ফেরা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন ইউএনও।
বৈঠকে উপস্থিত ছিলেন- চিফ ইনস্ট্রাক্টর আবু সিনহা, হযরত আলী, আব্দুস সাত্তার, ইনস্ট্রাক্টর মো. শরীফ, ফজলুল করিম, মো. জাবেদ এবং ছাত্রদের পক্ষে তরিকুল ইসলাম, জুলফিকার আলী, নিজাম উদ্দিন যুবরাজ, রকিবুল হাসান রনি, মো. আল-আমিন ও মোসাব্বির আহম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24