২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম সংস্কারে টাস্কফোর্স হচ্ছে

মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সংস্কারে শিগগিরই একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সংস্কারে শিগগিরই একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষ, কর্মপ্রিয় ও নীতিজ্ঞানসম্পন্ন হৃদয়বান মানুষ গড়ার লক্ষ্য মাধ্যমিক স্তরের কারিকুলাম (শিক্ষাক্রম) পরিমার্জন করা হবে। এ লক্ষ্যে শিগগিরই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হবে। হোসেন জিল্লুর বলেন, "আমাদের শিক্ষা কারিকুলামকে যুগোপযোগী ও আরও বাস্তবমুখী করা এখন সময়ের দাবি। অগ্রসরমান ও পরিবর্তিত বিশ্বের সাথে খাপ খাওয়াতে হলে বর্তমান পাঠ্যক্রম পরিমার্জন ও শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই। আমাদের যেমন তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ দক্ষ ও কর্মচঞ্চল মানবসম্পদ প্রয়োজন, তেমনি প্রয়োজন নীতিজ্ঞান সম্পন্ন হৃদয়বান মানুষ।" তিনি বলেন, "বিজ্ঞান ও গণিত শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনীহাকে কাটিয়ে ওঠা এবং শরীর চর্চা বিষয়কে প্রাধান্য দেওয়ার সময় এসেছে। এসব বিষয়কে সমন্বয় করে মাধ্যমিক স্তরে কারিকুলামকে ঢেলে সাজাতে হবে।" স্কুল-কলেজ পরিচালনা কমিটি পুনর্গঠন করে সরকার নতুন নীতিমালা প্রণয়ন করছে জানিয়ে হোসেন জিল্লুর বলেন, "বর্তমান তত্ত্বাধায়ক সরকারের এসব জনকল্যাণমুখী সংস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।" শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) আয়োজিত ওই আলোচনা সভায় অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ড. হাফিজ জি এ সিদ্দিকী, এসইএসডিপির পরিচালক আতিয়ার রহমান, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জাবেদ আলী সরকারও বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক খান হাবিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৭৫৫ ঘ.