ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনকে মন্ত্রিপরিষদ বিভাগের অনুকূলে ন্যস্ত করার প্রস্তাবসহ কয়েকটি বিষয় উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনকে মন্ত্রিপরিষদ বিভাগের অনুকূলে ন্যস্ত করার প্রস্তাব, ১৯৭২ সালের 'শিল্প ব্যাংক অর্ডার' সংশোধনের জন্য প্রস্তাবিত 'শিল্প ব্যাংক অধ্যাদেশ- ২০০৮' এবং 'সামান্য শব্দগত পরিবর্তনের লক্ষ্যে' গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর ৩য় সংশোধনী প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।
'দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ অধ্যাদেশ- ২০০৮' নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
এ অধ্যাদেশের ফলে দেয়াললিখনের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন ও বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক পোস্টার লাগানোর বিষয়টি এখন থেকে একটি আইনী কাঠামোর আওতায় আসবে।
এছাড়া প্রতিবছর বাংলা মাস অগ্রহায়ণের প্রথম দিনকে 'জাতীয় কৃষি দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রহায়ণ ঐতিহ্যগতভাবে ধান কাটার মাস হিসেবে পরিচিত।
নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০০৮ অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে স্বাধীন করা হয়। তখন একে আইন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। রোববারের বৈঠকে ইসি সচিবালয়কে ন্যস্ত করা হলো মন্ত্রী পরিষদ বিভাগের অনুকূলে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এ সভায় সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, প্রতি বছর ১ অগ্রহায়ণ 'জাতীয় কৃষি দিবস' হিসেবে পালনের জন্য কৃষি মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছিল। কৃষিখাতে কর্মরতদের অবদানের স্বীকৃতি এবং এ খাতের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিবছর এ দিনটি পালন করা হবে।
বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০০৮ সংক্রান্ত একটি প্রস্তাব এবং বাংলাদেশ-ভুটান বাণিজ্য চুক্তির প্রস্তাব আরও পর্যালোচনা করে আবার উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২৩৫৫ঘ.
bdnews24