২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএসে নির্বাচিতদের পাল্টা অনশন কর্মসূচি

২৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিন দু'ঘণ্টা প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতি কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিন দু'ঘণ্টা প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতি কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পররাষ্ট্র ক্যাডারে উত্তীর্ণ মো. আল আলেমুল ইমাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, "চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিদিন আমরা 'অপরাজেয় বাংলা'-র সামনে দুই ঘণ্টার প্রতীকী অনশন করব।" গণমাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে প্রকাশিত খবর 'মিথ্যা' দাবি করে তিনি বলেন, "যারা প্রথমবার উত্তীর্ণ হয়েছে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। কিন্তু বিসিএসের জন্যে আমাদের জীবনের সাড়ে তিন বছর চলে যাওয়ায় দ্রুত নিয়োগের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।" এরআগে দুপুর দেড়টায় এসব চাকরিপ্রার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও টিএসসিতে মানববন্ধন করেন। এদিকে, ২৭তম বিসিএস পরীক্ষায় প্রথমবারে উত্তীর্ণ, অথচ পরে বাদপড়া প্রার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে 'আমরন অনশন' কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কর্মসূচির অষ্টম দিনে শনিবার ১৯ জন অসুস্থ হয়ে পড়েন। এছাড়া আরো ১৫ থেকে ২০ জনকে স্যালাইন দেওয়া হচ্ছে। ঢাবি উপাচার্য অধ্যাপক এস এস এ ফায়েজ বৃহস্পতিবার রাতে অনশনকারীদের দেখতে গিয়ে তাদের ব্যাপারে সোমবারের মধ্যে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে তারা পূর্বনির্ধারিত শুক্রবারের 'আত্মাহুতি'র কর্মসূচি স্থগিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এসকে/২২২০ঘ.