ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সেনাবাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান মইন উ আহমেদ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) ২০০৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনা প্রধান বলেন, "গার্মেন্টস শিল্প এখন আর কোনো ব্যক্তির নয়। এটা এখন দেশের সম্পদ। এটা ধ্বংস করার অধিকার কারো নেই। একটি কুচক্রী মহল গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে।"
তৈরি পোশাক শিল্পের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করে মইন বলেন সরকারের পাশাপাশি সেনাবাহিনীও এ শিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল- আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল ইসলাম, হারুন-অর-রশিদ প্রমুখ।
সেনা প্রধান বলেন, "দেশের রপ্তানি আয়ের ৭৬ শতাংশই আসছে এই খাত থেকে। ২২ লাখ শ্রমিক এ শিল্পে কাজ করছে যার ৮০ শতাংশই মহিলা। সবমিলিয়ে দেশের এক কোটি মানুষ এ শিল্পের সঙ্গে পরোক্ষভাবে জড়িত।"
দেশের স্বার্থে এ শিল্পকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন মইন উ আহমেদ।
গার্মেন্টস মালিকদের উদ্দেশে তিনি বলেন, "কারখানার মতো শ্রমিকদেরও হৃদয়ে স্থান দিয়ে আপন করে নিতে হবে। তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, শ্রমিকদের বঞ্চিত করে এ শিল্পের উন্নয়ন সম্ভব নয়।"
১/১১-এর পর চট্টগ্রাম বন্দরসহ দেশের ব্যবসা-বাণিজ্যে অনুকুল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন মইন উ আহমেদ।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "২০ বছর আগে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল ৪০০ মিলিয়ন ডলার। এখন সেই রপ্তানি ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এদেশের পোশাকের মান ভালো। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এখানকার পোশাকের চাহিদা বেশি।"
তবে শ্রমিকদের কম মজুরি এদেশে গার্মেন্টস শিল্পের বিকাশের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
এফ মরিয়ার্টি বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কট কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মধ্য মেয়াদে এ সঙ্কটের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা-সে ব্যাপারেও কিছু বলা যাচ্ছে না।"
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে ইউরোপীয় কমিশন সব সময় সহায়তা করে আসছে উল্লেখ করে স্টিফেন ফ্রোইন ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ অনুষ্ঠানে বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কট আমাদের জন্য সম্ভাবনা ও ঝুঁকি দুটোই এনেছে। আমরা সুযোগগুলো কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০০১ঘ.
bdnews24