২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ১৬ জেলেসহ মাছ ধরার ট্রলার ছিনতাই

পটুয়াখালীর মহিপুর এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কক্সবাজারের ১৬ জন জেলেসহ একটি ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে জলদস্যুরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলেরা দস্যুদের কবলে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

কক্সবাজার, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর মহিপুর এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কক্সবাজারের ১৬ জন জেলেসহ একটি ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে জলদস্যুরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলেরা দস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা ট্রলারটি নিয়ন্ত্রণের সময় সাগরে ঝাপ দিয়ে রক্ষা পাওয়া দুই জেলে শুক্রবার বিকেলে ট্রলার মালিক কক্সবাজার শহরতলীর উত্তর নুনিয়া ছড়ার মোহাম্মদ সেলিমকে ঘটনাটি জানান। সেলিম জানান, তিনদিন আগে এফবি সেলিম নামের তার মাছ ধরার ট্রলারটি ১৮ জন মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে পটুয়াখালীর মহিপুরের কাছে ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে। দস্যুরা দু'টি ট্রলার নিয়ে তার ট্রলারটিকে ধাওয়া করে দুইদিক থেকে ঘিরে ফেলে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় তারা মাঝি মাল্লাদের দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করলে দুজন সাগরে ঝাপ দেয়। পরে বেটকা (৩০) ও মোহাম্মদ হানিফ (৩৩) নামের এ দুই জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কক্সবাজারেরই আরেকটি ট্রলার। শনিবার তারা কক্সবাজার পৌঁছাবেন বলেও তিনি জানান। সেলিম জানান, ট্রলার ও মাঝিমাল্লাদের উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে টেকনাফ উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাটি জানি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.