২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিরোধ মেটাতে গিয়ে চার পুলিশ আহত

রংপুরের পীরগাছা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে শুক্রবার দুপুরে একপক্ষের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার জন্য পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

রংপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের পীরগাছা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে শুক্রবার দুপুরে একপক্ষের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার জন্য পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহত উপ-পদির্শক রেজাউল ও কনস্টেবল নুর আলমকে ভর্তি করা হয়েছে পীরগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। উপ-পরিদর্শক রফিক ও কনস্টেবল জয়নালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উপজেলার তাম্বুলপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শাহানাজ ইসলাম সানু (৩৫) ও লালমিয়ার স্ত্রী রুপবান বেগম (৩৮)। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, জমি নিয়ে তাম্বুলপুর গ্রামের বুলবুল ও মোশারফ গ্র"পের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে মোশারফ হোসেনের লোকজন ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তোলার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বোঝানোর চেষ্টা করে। এ সময় একটি পক্ষের লোকজন পুলিশের উপর হামলা চালায়। ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এবং আত্মরক্ষার জন্য পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। পরে রংপুর থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে চার মহিলাকে আটক করা হলেও ওই গ্রামের দেলোয়ারের স্ত্রী মোহসেনা বেগম (৫০) ও আবুল হোসেনের স্ত্রী বিউটি বেগমকে (৩২) জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.