রাঙামাটি, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির রাজ বনবিহারের প্রধান ও বৌদ্ধ ধর্মীয় সাধক সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) উদ্দেশে চীবর দানের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শেষ হয়েছে।
বিকেল সাড়ে চারটার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বনভান্তের হাতে চীবর তুলে দেন।
এ সময় উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সাধুবাদ উচ্চারণ করেন।
অনুষ্ঠানে বনভান্তে সাধনান্দন্দ তার দেশনায় (ধর্মীয় বাণী) বলেন, "সত্যবাদ ও সৎ জ্ঞানের অধিকারী হয়ে জাগতিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারলেই নির্বাণ প্রাপ্তি সহজতর হয়। সত্যবাদ উদয় হলে মানুষের দুঃখ আসবে না, বরং সুখ আসবে।"
কঠিন চীবর দান উৎসবের শেষদিন শুক্রবার সকাল থেকেই রাজ বনবিহার প্রাঙ্গণ পূণ্যর্থীদের আগমনে লোকারণ্য হয়ে ওঠে।
সকালের অনুষ্ঠানের মধ্যে ছিল- বৌদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান, বৌদ্ধ পূজা এবং ভিক্ষুদের প্রাতঃরাশ। অপরদিকে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বনবিহারের পাশে বেইন (কোমর তাঁত) ঘরে শুরু হওয়া চীবর তৈরির কাজ তখনও চলছিল।
দুপুর আড়াইটার দিকে প্রস্তুত করা চীবর (রং কাপড়) অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এরপর বৌদ্ধ ধর্মীয় সাধক বনভান্তে তাঁর শিষ্যমণ্ডলী নিয়ে অনুষ্ঠানস্থলে এসে আসন গ্রহণ করেন।
এ সময় হাজার হাজার ধর্মপ্রাণ নর-নারী দাঁড়িয়ে তিনবার 'সাধু' উচ্চারণ করেন।
এরপর সংগীতের মাধ্যমে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। প্রথমে সমবেত পঞ্চশীল প্রার্থনা হয়। এরপর ভিক্ষু সংঘের উদ্দেশে তৈরি চীবর দান করেন রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রাজ বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুরতি সেন চাকমা। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাজা দেবাশীষ রায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিহারী রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার, জেলা প্রশাসনক নুরুল আমীন, পুলিশ সুপার মাসুদুল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
রাজা দেবাশীষ রায় তার বক্তব্যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয় তার জন্য বনভন্তের আশীর্বাদ প্রার্থনা করেন।
তিনি বলেন, "বর্তমান তত্বাবধায়ক সরকার ভবিষ্যতে এমন একটি গণতান্ত্রিক সরকার আশা করে যারা সত্যিকার অর্থে দেশে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে পারবে।"
বিকেল সাড়ে চারটার দিকে বনভান্তে তার সমাপনী বক্তব্য রাখেন।
এরপর সন্ধ্যায় মোম প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চশীল প্রার্থনা দিয়ে বেইন (তাঁত) ঘর ও চরকা-চরকী উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের যুগে প্রবর্তিত হয়েছে কঠিন চীবর দান। ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা থেকে শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ শেষ করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে। ৩৫ বছর আগে বৌদ্ধ ধর্মীয় সাধক বনভান্তে হিসেবে খ্যাত সাধনানন্দ মহাস্থবিরের উৎসাহে রাঙামাটিতে বুদ্ধ যুগের নিয়মে দেশে প্রথম কঠিন চীবর দান উৎসব উদযাপন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24