২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পরিস্থিতি দেখতে শুক্রবার ঢাকা আসছে ইউরোপীয় কমিশনের দল

বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় কমিশনের মূল পর্যবেক্ষক দল শুক্রবার ঢাকা আসছে। ঢাকায় ইউরোপীয় কমিশন প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রয়েন জানিয়েছেন, এই প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কমিশনের বহিঃসম্পর্ক বিভাগের কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 05:50 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় কমিশনের মূল পর্যবেক্ষক দল শুক্রবার ঢাকা আসছে। ঢাকায় ইউরোপীয় কমিশন প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রয়েন জানিয়েছেন, এই প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কমিশনের বহিঃসম্পর্ক বিভাগের কমিশনার। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্টেফান ফ্রয়েন পরিষ্কার জানিয়ে দেন, পরিস্থিতি অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রতিকূল হলে ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবে না। কোনো দেশে মূল নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আগে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিন ধাপে পর্যবেক্ষক দল পাঠায় কমিশন। ইউরোপীয় মিশন প্রধান বলেন, "পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ধাপে ধাপে সিদ্ধান্ত হয়। আগামীকাল (শুক্রবার) মূল পর্যবেক্ষক দল আসছে। " এই পর্যবেক্ষক দলের নয় সদস্যের আট জন শুক্রবার ঢাকা পৌঁছবেন। আর দলনেতা আসবেন দু'দিন পরে। এছাড়া দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকদের ৪০ সদস্যের দলের ১২ সদস্য নভেম্বরের মাঝামাঝি এসে পৌঁছাতে পারেন। সেনাবাহিনী প্রত্যাহার ও সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে 'ইতিবাচক' পদক্ষেপ হিসেবে অভিহিত করে স্টেফান ফ্রয়েন বলেন, "জরুরি অবস্থা শিথিল করার সিদ্ধান্তের পর আমাদের কার্যালয় পুরো পর্যবেক্ষক দলকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি আবার বিবেচনা করছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করা না হলে ইউরোপীয় কমিশন তাদের পর্যবেক্ষক দল না-ও পাঠাতে পারে।" গত বছরের ২২ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় কমিশন নির্বাচন পর্যবেক্ষক দল পাঠালেও নির্বাচনের তারিখ বাতিল হওয়ার পর ওই প্রতিনিধিদের প্রত্যাহার করে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এসকে/২৩৩৭ঘ.