২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি

জেল হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 11:10 AM

Updated : 26 Apr 2022, 01:41 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেল হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ। জেলহত্যা দিবসে সোমবার মাবববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমাজের নেতারা এই দাবি জানান। এছাড়া রাবি শাখা ছাত্রলীগ জেল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে ক্যাম্পাসে শোক র‌্যালি করেছে। সকাল ১১টায় প্রগতিশীল শিক্ষক সমাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। আধ ঘণ্টা স্থায়ী মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক সমাজের শতাধিক শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারি অংশ নেন। প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক ড. মোজাফফর হোসেন, সদস্য অধ্যাপক ড. সাইদুর রহমান খান, আব্দুস সোবাহান, মোখলেসুর রহমান, মিজান উদ্দীন, গোলাম সাব্বির সাত্তার তাপু, আনন্দ কুমার সাহা, শামসুদ্দিন ইলিয়াস, মাহবুবুর রহমান, ফায়েক উজ্জামান, হাসিবুল আলম প্রধান, মুসতাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. মোজাফফর হোসেন জেল হত্যার ঘটনাকে ইতিহাসের একটি ন্যাক্কারজনক অধ্যায় বলে অভিহিত করেন। তারা আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। মানববন্ধন শেষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রগতিশীল শিক্ষক সমাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এর আগে সকাল ৮টায় প্রগতিশীল শিক্ষক সমাজের নেতারা রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামরুজ্জামানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাদদেশে সংগঠনের টেন্ট থেকে শোক র‌্যালি বের করে। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টেন্টে এসে শেষ হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় চার নেতা স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর তারা শহীদ কামরুজ্জামানের কবর জিয়ারত এবং রাবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন মুন, সাধারণ সম্পাদক আয়েন উদ্দীন, যুগ্ম-সম্পাদক আজিম বিন কামাল উজ্জল, সাংগাঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক সুমন কান্তিসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.