২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা মামলা: রায়ের কপি না পাওয়ায় আপিল হচ্ছে না

৩৩ বছরেও জাতীয় চার নেতা হত্যার চূড়ান্ত বিচার সম্পন্ন হয়নি। হাইকোর্টে জেলহত্যা মামলার রায় হলেও এর কপি না পাওয়ায় দু'মাস পরও আপিল করতে পারেনি রাষ্ট্রপক্ষ। অমিত তালুকদার জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 06:14 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩৩ বছরেও জাতীয় চার নেতা হত্যার চূড়ান্ত বিচার সম্পন্ন হয়নি। হাইকোর্টে জেলহত্যা মামলার রায় হলেও এর কপি না পাওয়ায় দু'মাস পরও আপিল করতে পারেনি রাষ্ট্রপক্ষ। অমিত তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলহত্যা মামলার হাইকোর্টের রায়ের জাবেদা নকল কপি (সার্টিফাইড কপি) পাওয়া যায়নি। রায়ের কপি পাওয়ার পরই এর বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নেওয়া হবে।" তিনি বলেন, "জেলহত্যা মামলায় আইনি লড়াই চালিয়ে যাব। হাইকোর্টের রায়ের তিনদিন পরই আপিল করার জন্য জাবেদা নকলের জন্য আবেদন করা হয়েছে। তবে আজ ( রোববার ২ নভেম্বর-২০০৮) পর্যন্ত হাইকোর্টের রায় প্রদানকারী বেঞ্চ থেকে রায়ের নথি সংশ্লিষ্ট শাখায় যায়নি।" আনিসুল হক বলেন, "সিদ্ধান্ত অনুযায়ী রায়ের কপি পাওয়ার পরপরই আপিল করার প্রস্তুতি নেওয়া হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করা হবে।" হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করবে। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা মামলার পেপারবুক দেখে একটি রিপোর্ট দেবেন। তিনি বলেন, "এরপর আপিলের নথি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি তখন এ আপিল শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভূক্তির আদেশ দেবেন। প্রধান বিচারপতি এই আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চও গঠন করে দিতে পারেন। তবে কবে আপিলের শুনানি ও বিচার নিষ্পত্তি শেষ হবে তার কোন নিশ্চয়তা নেই।" ব্যারিস্টার মামুন বলেন, "এ ধরনের বড় মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হলে পেপারবুক তৈরী করতে সাধারণত দেড় থেকে দু'বছর সময় লেগে যায়। তারপর শুরু হয় শুনানি।" গত ২৮ আগস্ট হাইকোর্ট জেলহত্যা মামলার রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামী দফাদার মারফত আলী ও দফাদার আবুল হাশেম মৃধাকে অব্যাহতি দেন। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেন হাইকোর্ট। হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রিসালদার মোসলেমউদ্দিনসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আট জনের সাজা বহাল রাখে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামীদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর দীর্ঘ ২৬ কার্যদিবস শুনানি গ্রহণ করে আট দিন ধরে এই রায় দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার চার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পরদিন লালবাগ থানায় তৎকালীন পুলিশের ডিআইজি আবদুল আওয়াল আসামী মোসলেমউদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। এর দীর্ঘ ২৩ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর এ মামলায় আসামী মোসলেমউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ ৬ বছর মামলার বিচার করে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মোঃ মতিউর রহমান রায় দেন। রায়ে ওই আদালত রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল.ডি. (দফাদার) আবুল হাসেম মৃধা (পলাতক) কে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। নিম্ন আদালত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর মোঃ বজলুল হুদাসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আদালত অবসরপ্রাপ্ত মেজর মোঃ খায়রুজ্জামান এসি, কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে এ হত্যাকাণ্ডের দায় থেকে অব্যাহতি দেয়। রায়ের পরপরই দণ্ডাদেশপ্রাপ্তরা আপিল করে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর একেএম মহিউদ্দিন আহাম্মদকে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর পর তিনি জেল আপিল করেন। নিম্ন আদালতের রায়ের দীর্ঘ চার বছর পর গত ১৩ জুলাই হাইকোর্টে জেল হত্যা মামলায় আসামীদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জিএনএ/১২০৫ ঘ.