২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় চেম্বারের ব্যবসায়ী সম্মেলন সোমবার

পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বাণিজ্য ও অর্থনীতি সংশ্লিষ্ট সুর্নিদিষ্ট কিছু সুপারিশ প্রণয়নের লক্ষ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ব্যবসায়ীরা সোমবার এক সম্মেলনে মিলিত হচ্ছেন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ রোববার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বাণিজ্য ও অর্থনীতি সংশ্লিষ্ট সুর্নিদিষ্ট কিছু সুপারিশ প্রণয়নের লক্ষ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ব্যবসায়ীরা সোমবার এক সম্মেলনে মিলিত হচ্ছেন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ রোববার এ কথা জানান। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অর্থনৈতিক কর্মকাণ্ডে সমন্বয় সাধন এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনীতিতে গতি আনতে ব্যবসায়ীদের মতামত ও পরামর্শ নিয়েই এ সুপারিশমালা প্রণয়ন করা হবে।" সামনে নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, "অচিরেই একটি নির্বাচিত সরকারের অধীনে আমরা কাজ করব। সে সরকারের কাছেই ব্যবসায়ীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আমরা এ সম্মেলন থেকে করতে চাই।" ব্যবসায়ী সম্মেলন নিয়ে চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান বৈশ্বিক অর্থনীতির সঙ্কটের প্রেক্ষাপটে সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টি চেম্বারের প্রায় দেড় হাজার ব্যবসায়ী অংশ নেবেন।" নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় এ সম্মেলন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্প ও বণিক ফেডারেশনের (এফবিসিআই) সভাপতি আনিসুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এফবিসিসিআই সভাপতি মীর নাছির হোসেন, ইউসুফ আবদুল্লাহ হারুন ও আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, সহ-সভাপতি আবু আলম চৌধুরী এবং এসসিসিআই সভাপতি জুন্নুন মাহমুদ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/টিএইচ/এসকে/২১০৯ঘ.