২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ: আড়াই ঘণ্টা রাস্তা বন্ধ

রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে শনিবার সন্ধ্যায় বাস-ট্রেন সংঘর্ষের কারণ অনুসন্ধানে কমিটি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। ওই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দীর্ঘসময় মৌচাক-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ থাকে। রাত সাড়ে ৯টার দিকে সড়কে আবার যান চলাচল শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে শনিবার সন্ধ্যায় বাস-ট্রেন সংঘর্ষের কারণ অনুসন্ধানে কমিটি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। ওই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দীর্ঘসময় মৌচাক-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ থাকে। রাত সাড়ে ৯টার দিকে সড়কে আবার যান চলাচল শুরু হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভাগীয় প্রকৌশলীকে (রেলওয়ে) প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবে।" কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন 'দ্রুতযান এক্সপ্রেস' এর সঙ্গে দিবানিশি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি মলিবাগ রেললাইন পার হওয়ার সময় স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। রমনা থানার উপ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে বাসটি যখন রেল লাইনের ওপর আটকা পড়ে তখন মারুফ হোসাইনসহ স্থানীয় লোকজন যাত্রী নামিয়ে বাসটিকে লাইন থেকে ঠেলে নামানো চেষ্টা করে। এরই মধ্যে ট্রেন এসে পড়লে লাল কাপড় জোগাড় করে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু সে চেষ্টা সফল হয়নি। ট্রেনটি কমলাপুর যাওয়ার জন্য মালিবাগ রেললাইন এলাকা অতিক্রম করার সময় আটকে পড়া কুড়িল-ধানমন্ডি ২৭ নম্বর রুটের বাসটিকে ধাক্কা দেয়। ফলে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ট্রেনটির সঙ্গে আটকে যায় এবং ট্রেনটি থেমে পড়ে। ঘটনাস্থলে থাকা সবুজবাগ জোনের সহকারী কমিশনার মারুফ হোসাইন জানান, ট্রেনের সামনের অংশের সঙ্গে বাসটি আটকে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। বাসে গ্যাসের সিলিন্ডার থাকায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিলিন্ডার থেকে গ্যাস বের করে দিয়ে বাসটি কেটে রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। রাত সাড় ৯টার দিকে মৌচাক-রামপুরা সড়কে যান চলাচল আবার শুরু হয় বলে জানান মারুফ হোসাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআরএফ/এসএনডি/২২০৩ ঘ.