২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা করবে দুর্নীতি দমন কমিশন

চারটি দুর্নীতি মামলায় অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 12:45 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চারটি দুর্নীতি মামলায় অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া সাবেক সাংসদ ও উপ-সচিবসহ পাঁচ জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এসব তথ্য জানান। তিনি জানান, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবু, সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফা ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে করা দুর্নীতি মামলায় অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। হানিফ ইকবাল বলেন, "অভিযোগপত্রে সফিউর রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ৩৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপন এবং নাদিম মোস্তফার বিরুদ্ধে ২ কোটি ৫২ লাখ ৫৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন ও ২ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হবে। এছাড়া তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে সম্পত্তির হিসাব না দেওয়ার মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে।" তিনি আরো জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যকে ঘুষ দেওয়ার অভিযোগে করা মামলায় ঘুষদাতা মো. শহিদ মিয়ার বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। হানিফ ইকবাল জানান, অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আরো ছয়টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন সাবেক সাংসদ শাহ শহীদ সারোয়ার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এস এম আব্দুল মান্নান, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত গ্র"প ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মো. ফজলী হোসেন, ঢাকা সিটি করপোরেশনের অতিরিক্ত প্রকৌশলী খন্দকার সুজাত আলী ও আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজের হিসাব রক্ষক মো. জহিরুল ইসলাম।" এছাড়া সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহ আলম ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সুরুত জামানসহ পাঁচ জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দুদক মহাপরিচালক আরো জানান, ঘুষ গ্রহণের সময় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সেটেলমেন্ট অফিসের বেঞ্চ সহকারী মো. মনিরুল ইসলাম ও পটুয়াখালী সহকারী ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুস সালামকে হাতে-নাতে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এসকে/১৮৪০ঘ.