ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজির মামলায় জামিন চেয়ে শেখ হাসিনার করা আবেদনের (লিভ টু আপিল) শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবারই আদেশ দেবে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ মামলায় শেখ হাসিনার জামিন আবেদন খারিজের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন এবং নতুন জামিন আবেদনের ওপর সকালে শুনানি গ্রহণ শেষ করেন।
শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক শুনানিতে বলেন, "অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার জন্য আদালত জামিন দিতে পারে। এ বিষয়ে আপিল বিভাগ নীতি নির্ধারণ করে দিয়েছেন। শেখ হাসিনা অসুস্থ। তাই তার জামিন প্রয়োজন।"
সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "শেখ হাসিনাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।"
তখন ব্যারিস্টার রফিক বলেন, "হাসিনাকে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। কিন্তু জামিন ও প্যারোল দুটি ভিন্ন বিষয়। প্যারোল সাময়িক সময়ের জন্য। জামিন আদালতের সুবিবেচনার বিষয়।"
শেখ হাসিনার অন্যতম কৌঁসুলী আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নূর আলীর চাঁদাবাজির মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল ও নতুন জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আদালত সাড়ে ১১টায় আদেশ দেবেন বলে জানিয়েছেন।"
গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন খারিজ করে হাইকোর্ট।
ওই আদেশের বিরুদ্ধে গত ৫ অক্টোবর আওয়ামী লীগ সভানেত্রী আপিলের আবেদন এবং জামিনের জন্য পুনরায় আবেদন জানান।
পরদিন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জয়নুল আবেদীন ১২ অক্টোবরের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আবেদন দায়েরের নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু ওই সময়ের মধ্যে আপিলের আবেদন না করায় গত ১২ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শেখ হাসিনার জামিনের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করে এই সময়ের মধ্যে আপিলের জন্য নিয়মিত আবেদন করতে নির্দেশ দেন।
২৭ অক্টোবর শেখ হাসিনা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন এবং নতুন করে এ মামলায় জামিনের আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টে।
২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী তেঁজগাও থানায় ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয় শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ওই বছরের ৭ আগস্ট শেখ হাসিনার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলায় শেখ হাসিনাকে জামিন দিয়েছিল। তবে গত বছরের ২৭ আগস্ট আপিল বিভাগ হাসিনার সেই জামিন স্থগিত করে দেয়।
২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। নভেম্বরের শুরুতে তিনি দেশে ফিরবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১১৩৩ ঘ.
bdnews24