২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও বগুড়ায় বিএনপির সভায় হট্টগোল

রংপুর ও বগুড়ায় বিএনপির দুটি সভায় তুমুল হট্টগোল হয়েছে। বগুড়ায় দুই পক্ষের মধ্যে মারামারিও হয়। রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক উপ-কমিটির নেতাদের উপস্থিতিতে বগুড়ার সভায় স্থানীয় নেতারা বগুড়া-৬ ও ৭ আসনে খালেদা জিয়া ছাড়া অন্য কাউকে মনোনয়ন না চাওয়ার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও বগুড়ায় বিএনপির দুটি সভায় তুমুল হট্টগোল হয়েছে। বগুড়ায় দুই পক্ষের মধ্যে মারামারিও হয়। রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক উপ-কমিটির নেতাদের উপস্থিতিতে বগুড়ার সভায় স্থানীয় নেতারা বগুড়া-৬ ও ৭ আসনে খালেদা জিয়া ছাড়া অন্য কাউকে মনোনয়ন না চাওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া জেলা পরিষদে বুধবার সকাল ১১টায় বিএনপির সাংগঠনিক সভা শুরু হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রধান অতিথি থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। তার পরিবর্তে আসেন সিরাজগঞ্জের সাবেক সাংসদ আব্দুল মান্নান তালুকদার। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেছ, বগুড়ার সাবেক সাংসদ কাজি রফিক, আব্দুল মোমিন তালুকদার খোকা, নূর আফরোজ জ্যোতি, পাবনার হাবিবুর রহমান হাবিব প্রমুখ। থানা পর্যায়ের কোনও নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় সভার শুরুতেই উত্তেজনা দেখা দেয়। দুপুর ১টার দিকে মঞ্চে বসা নিয়ে রেজাউল করিম বাদশার সঙ্গে বগুড়া জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাক-বিতণ্ডা হয়। ওই সময় বাদশার সমর্থকরা ফারুকের ওপর চড়াও হয়। তারা ফারুককে মারতে মারতে বাইরে নিয়ে আসে। পরে ফারুকের সমর্থকরা বাদশার ওপর চড়াও হতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ওই সময় উভয়পক্ষের বেশ ক'জন আহত হয়। পরে বেলা দেড়টায় রুদ্ধদ্বার সভা শুরু হয়। ওই সভা শেষে কেন্দ্রীয় নেতারা তড়িঘড়ি করে দুপুর আড়াইটার দিকে সভাস্থল ত্যাগ করে। সংঘর্ষের বিষয়ে ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেজাউল করিম বাদশা স্বৈরাচারী কায়দায় দল চালাতে চান। তিনি সংগঠনের নেতাকর্মীদের মতামত দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছেন। এর প্রতিবাদ করায় আমার ওপর হামলা হয়েছে।" তবে রেজাউল করিম বাদশা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। সংঘর্ষ শুরুর আগে প্রধান অতিথি আব্দুল মান্নান তালুকদার তার বক্তব্যে বলেন, "নেত্রীর (খালেদা জিয়া) নির্দেশ, আগামীতে আন্দোলন বা নির্বাচন যা করার ঘোষণা আসবে ঐক্যবদ্ধভাবে তা পালন করতে হবে।" রেজাউল করিম বাদশা বলেন, "বগুড়া-৬ আসনে ম্যাডাম (খালেদা জিয়া) ছাড়া কেঊ মনোনয়ন চাইবেন না।" জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমআর স্বাধীন বগুড়া- ৬ ও ৭ আসনে খালেদা জিয়া ছাড়া অন্য কাউকে মনোনয়ন না চাওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য দিলে প্রতিনিধিরা তা স্বাগত জানায়। রংপুর প্রতিনিধি জানান, ২ বছর পর মঙ্গলবার বিকালে রংপুর টাউন হলে শুরু হওয়া জেলা বিএনপির বর্ধিত সভায় তুমুল হট্টগোল, হৈ চৈ ও বাক-বিতণ্ডা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রহিম উদ্দিন ভরসা। ঠাকুরগাঁওয়ের সাবেক সাংসদ ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এরশাদ একজন বেঈমান, সুবিধাবাদী। ওয়ান ইলেভেন সৃষ্টির জন্য এরশাদই দায়ী।" একই কথা বলেন সোহেলও। তবে রহিম উদ্দিন ভরসা ওয়ান-ইলেভেনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দায়ী করে বলেন, "ওয়ান ইলেভেনের জন্য শেখ হাসিনা দায়ী।" সোহেল বলেন, "কোনও ধরনের পাতানো নির্বাচন হলে থানায় থানায় আগুন জ্বলবে।" সভার এক পর্যায়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শামুর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শামু নিজেই মাইক নিয়ে রহিম উদ্দিন ভরসাকে উদ্দেশ্য করে বলেন, "উনি রংপুরে বিএনপিকে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার ছেলেকে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি বানিয়েছেন।" এ নিয়ে সভাস্থলে হট্টগোল শুরু হয়। এক পক্ষ অপর পক্ষকে গালাগালি করতে থাকে। তখন প্রধান অতিথি ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সভায় জেলা কৃষকদলের আহবায়ক আবু তাহের বলেন, "রংপুরের ৬টি আসনে বিএনপির মাত্র ২টি আসনে প্রার্থী ছাড়া আর কোনও প্রার্থী নেই। বিএনপির প্রার্থীরা ২/৩ হাজার ভোট পায়।" একই সুরে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জেলা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, "আগামী নির্বাচনে বিএনপি আরও খারাপ ফলাফল করবে। কারণ দলের কোনও নির্বাচনী প্রস্তুতি নেই ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৮০০ ঘ.