ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় 'ডেসটিনি' পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ চারজনের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এছাড়া, মানহানির আরেকটি অভিযোগে 'যুগান্তর' ও 'ইনকিলাব' পত্রিকার বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক আদালতে মামলা করেছেন ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি মো. রমজান ভূইয়া।
ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান 'নর্থ সাউথ ডেভেলপমেন্ট প্রপার্টি লিমিটেড' এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুর রহিমের করা মানহানি মামলায় ডেসটিনি পত্রিকাটির সম্পাদক-প্রকাশক মোহাম্মদ রফিকুল আমীন, বার্তা সম্পাদক জহিরুল আহসান টিপু, প্রধান প্রতিবেদক অনিল সেন ও প্রতিবেদক উবায়দুল্লাহ বাদলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম ড. আব্দুল মজিদ।
হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের অভিযোগে সোমবারই মামলাটি দায়ের করা হয়।
এতে অভিযোগ করা হয়, ডেসটিনি পত্রিকায় গত ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভাষানটেক পুনর্বাসন প্রকল্প নিয়ে বানোয়াট অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। অথচ ওই প্রকল্প কাজে যেন কেউ বাধা সৃষ্টি না করতে পারে এবং কোনো মানহানিকর তথ্য পরিবেশন করতে না পারে- সে বিষয়ে হাইকোর্টের আদেশ রয়েছে।
এদিকে, মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানির অভিযোগে দৈনিক যুগান্তর ও ইনকিলাবের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক আদালতে দুটি মামলা করেছেন ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি মো রমজান ভূইয়া।
এতে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সালমা ইসলাম ও কেরানীগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং ইনকিলাবের কেরানীগঞ্জ প্রতিনিধি আবদুল গনি ও সম্পাদক এ এম এম বাহাউদ্দিনকে আসামি করা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর যুগান্তর ও ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে একটি চাঁদাবাজির ঘটনায় বাদিকে জড়িত করা হয়েছে। এ অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করা হয় এতে।
আদালত ঘটনাটি তদন্তের জন্য কেরানীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এসকে/২০৫৯ঘ.
bdnews24