ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে উপ বন সংরক্ষক আবু হানিফ পাটোয়ারীকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরো তিন মাস সাজা ভোগ করতে হবে।
রোববার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক একেএম আরিফুর রহমান এ রায় দেন।
রায়ে হানিফের অবৈধভাবে অর্জিত সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
আবু হানিফ পলাতক রয়েছেন। তার আটক অথবা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে।
গত বছরের ২৪ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মঞ্জুর আহমেদ বন সংরক্ষক আবু হানিফ ও তার স্ত্রী দিলরুবা পারভীনের বিরুদ্ধে মামলাটি করেন।
তবে উচ্চ আদালতের আদেশে দিলরুবা পারভীনের বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত থাকায় তার বিরুদ্ধে রায় দেওয়া হয়নি।
জরুরি অবস্থা জারির পর দুর্নীতিবিরোধী অভিযান চলাকালে প্রধান বন সংরক্ষকসহ বেশ কয়েকজন বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। বন বিভাগকে বাংলাদেশের সরকারি বিভাগগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্তগুলোর একটি বলে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/১৫৪০ঘ.
bdnews24