ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণাঞ্চলের ৭ নম্বর ব্লকে আগামী বছর নতুন করে তেলগ্যাস অনুসন্ধানের কাজ শুরু করবে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরন।
এ প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সম্ভাব্য কর্মসূচি এবং বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেভরন আগামী বছর নাগাদ ৭ নম্বর ব্লকে নতুন করে অনুসন্ধানের কাজ শুরু করবে। তাদের কাছ থেকে বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস ক্ষেত্র সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।"
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ৭ নম্বর ব্লকে শেভরন এর আগে কিছু জরিপের কাজ করেছে। এখন তারা দ্বিমাত্রিক সাইসমিক জরিপের কাজ করবে।
বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর জেলা ৭ নম্বর ব্লকের অন্তর্ভুক্ত। ২০০০ সালে এ ব্লকে অনুসন্ধানের জন্য পেট্রোবাংলার সঙ্গে উৎপাদন ও বণ্টন চুক্তি করে শেভরন। ব্লকটিতে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ২০০৬ সালে একবার সাইসমিক জরিপ চালায় তারা।
বর্তমানে দেশের মোট গ্যাস উৎপাদনের ৩৫ শতাংশ আসছে শেভরন পরিচালিত গ্যাসক্ষেত্রগুলো থেকে। মৌলভীবাজার, জালালাবাদ ও বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে এ কোম্পানি। এর মধ্যে বিবিয়ানা থেকে প্রতিদিন গড়ে ৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি, জালালাবাদ থেকে ১৬৭ মিলিয়ন ঘনফুট এবং মৌলভীবাজার থেকে ৭৩ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছে।
বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের কাজে শেভরন এ পর্যন্ত ৯০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। এর মধ্যে ২০০৭ সালে তারা বিনিয়োগ করেছে ১০ কোটি ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24