কুমিল্লা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতের নাম আনোয়ার হোসেন ওরফে আনা মিয়া (৩৮)। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের আলী আজমের ছেলে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার লাশ ফেরত দেওয়া হয়।
৩৩ রাইফেলস ব্যাটেলিয়নের সেক্টর কমান্ডার কর্নেল নকিবুর জানান, চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের জয়মঙ্গলপুর সীমান্তের সাব পিলার ৯৭/এস এর অদূরে সকাল ৭টায় বিএসএফ'র গুলিতে মারা যান আনা মিয়া।
তিনি জানান, আনোয়ার মাঠে ঘাস কাটছিলেন। এ সময় বিএসএফ জওয়ানরা বিনা উস্কাকিতে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে আনোয়ার ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ জওয়ানরা তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
কর্নেল নকিব জানান, বিডিআরের আহ্বানে জয়মঙ্গলপুর গ্রামে বিএসএফ'র সঙ্গে তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা গুলি বর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানার মথুরাপুর সীমান্তে আরেক দফা পতাকা বৈঠকের পর বিএসএফ আনোয়ারের লাশ হস্তান্তর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24