২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাসৈনিক আব্দুল জলিল ভুঁইয়া মারা গেছেন

ভাষাসৈনিক আব্দুল জলিল ভুঁইয়া (৮০) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ধানমণ্ডির মেডিএইড হাসপাতালে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক আব্দুল জলিল ভুঁইয়া (৮০) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ধানমণ্ডির মেডিএইড হাসপাতালে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। জলিল ভুঁইয়ার ভাইয়ের নাতনি ইশরাত জাহান সুলতানা নিপা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর খবর জানান। আবদুল জলিল ১৯২৯ সালের ৯ জুন কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছোটভাই জাহাঙ্গীর আলম ভুঁইয়া ও হারং গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, ১৯৪৮ সালে জগন্নাথ কলেজের ছাত্র থাকাকালে ১১ মার্চ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রীর কার্যালয় (পূর্বের ইডেন বিল্ডিং, বর্তমানে সচিবালয়) ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হন। ১৯৪৯ সালের শেষ দিকে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলে তিনি এর সদস্য হন এবং ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে অংশ নেন। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি চান্দিনাসহ বিভিন্ন স্থানে বিশেষ ভূমিকা পালন করেন। আন্দোলনে জড়িত থাকার কারণে তার পড়ালেখায় ব্যাঘাত ঘটে। ১৯৬১ সালে তিনি বিএ পাশ করেন। ১৯৫৭ সালে আওয়ামী লীগ ভেঙে ন্যাপ গঠিত হলে তিনি দলটির জাতীয় পরিষদের সদস্য হন। পরে তিনি কুমিল্লা জেলা ন্যাপের কার্যকরী পরিষদের সদস্য হন। ১৯৬২ সালে তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক ও ১৯৭৩ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট তাকে ভাষাসৈনিক হিসেবে সংবর্ধনা দেয়। একই সালে চান্দিনা ডিগ্রি কলেজে ভাষা সৈনিক হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ২০০২ সালে ভাষা আন্দোলনের ৫০বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট তাকে আবারো ভাষ সৈনিক হিসেবে সংবর্ধনা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/টিএইচ/এমএইচবি/২০৪০ ঘ.