২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ঘাটে অব্যবস্থাপনায় সুবিধাভোগীদের ক্ষোভ

মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের বিভিন্ন সমস্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঘাটের সুবিধাভোগীরা। এসব সমস্য সমাধানের আশ্বাস দিয়েছেন নৌপরিবহন সচিব একেএম মোতাহার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের বিভিন্ন সমস্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঘাটের সুবিধাভোগীরা। এসব সমস্য সমাধানের আশ্বাস দিয়েছেন নৌপরিবহন সচিব একেএম মোতাহার হোসেন। মঙ্গলবার সকালে মাওয়ায় পদ্মা সেতু বিভাগ রেস্ট হাউসের সভাকক্ষে লৌহজং উপজেলা প্রশাসন আয়োজিত মাওয়া ঘাটের সুবিধাভোগীদের সঙ্গে নাগরিক সনদ (সিটিজেন চার্টার) নিয়ে এক মতবিনিময় সভায় তারা এ ক্ষোভ প্রকাশ করেন। সুবিধাভোগীদের মধ্যে ঘাট ইজারাদার, পার্কিং ইয়ার্ড ইজারাদার, খুচরা যাত্রী ইজারাদার, লঞ্চ মালিক এবং বাস মালিক নেতারা উপস্থিত ছিলেন। তারা এক যাত্রীর কাছে থেকে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দু'বার টোল আদায় করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, একজনের কাছে থেকে একবার টোল নিতে হবে। এ ব্যবস্থা অবিলম্বে কার্যকরের দাবিও জানান তারা। মতবিনিময় সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আবুল মান্নান হাওলাদার উপস্থিত সুবিধাভোগীদের সমালোচনার শিকার হন। নৌ পরিবহন সচিব মোতাহার হোসেন সবার বক্তব্য শোনার পর সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। বিআডব্লিউটিএ চেয়ারম্যান আবুল মান্নান হাওলাদার বলেন, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের নাব্যতা কমানোর জন্য দু'টি ড্রেজার আনা হয়েছে। তিনটি পয়েন্টে মোট পাঁচ লাখ ঘনমিটার মাটি কাটা প্রয়োজন। কিন্তু এক মাসে দু'টি ড্রেজারের পক্ষে বড়জোর এক লাখ ঘনমিটার মাটি অপসারণ করা সম্ভব। পাঁচ লাখ ঘনমিটার মাটি কাটা শেষ হওয়ার আগে পদ্মায় আগামী বর্ষার পনি এসে যাবে। তাই মাটি না কেটে ওপারের ঘাটটি ১০/১২ কিলোমিটার সরিয়ে এনে মাওয়া-কাওড়াকান্দি নৌ পথের দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন তিনি। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্ত্যব্য রাখেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার-বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এএসএম আলী আকবর, নৌপরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. শফিকুল্লাহ, বিআইডব্লিউটিএ-এর পরিচালক (বন্দর) মাহাবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গিয়াস উদ্দিন মোগল, বিক্রমপুর প্রেসক্লাব সভাপতি মাসুদ খান, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংবাদিক সাইদুর রহমান টুটুল এবং সুবিধাভোগীদের মধ্যে মা. নোমান, আব্দুর রউফ, ভাষ্কর চৌধুরী, আ. সালাম মোল্লা, মোশাারফ হোসেন নসু ও সিরাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৩ ঘ.