২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মন্দিরে প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ২

চাঁদা না দেওয়া এবং মেয়েদের উত্যক্ত করতে বাধা দেওয়ায় বৃহস্পতিবার রাতে চাঁদপুরের একটি মন্দিরে নয়টি প্রতিমা ভাংচুর করেছে এক দল যুবক। ওই ঘটনায় একটি মামলা হয়েছে। ভাংচুরে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 07:41 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চাঁদপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়া এবং মেয়েদের উত্যক্ত করতে বাধা দেওয়ায় বৃহস্পতিবার রাতে চাঁদপুরের একটি মন্দিরে নয়টি প্রতিমা ভাংচুর করেছে এক দল যুবক। ওই ঘটনায় একটি মামলা হয়েছে। ভাংচুরে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতলব উপজেলার ষাটনল ইউনিয়নের ছটাকীপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে লক্ষ্মীপূজার সময় মন্দিরে প্রতিমা ভাংচুরের ওই ঘটনা ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানায়। মন্দিরের অন্যতম তত্ত্বাবধায়ক যোগেশ চন্দ্র বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লক্ষ্মীপূজা চলার সময় পাশের সুগন্ধী গ্রামের ৮/১০ জন যুবক মন্দিরে এসে হঠাৎ জেনারেটর বন্ধ করে দেয়। তারা মদ খাওয়ার জন্য টাকা দাবি করে এবং মেয়েদের উত্যক্ত করে। টাকা না দেওয়ার তারা প্রতিমা ভাংচুর শুরু করে। এতে লক্ষ্মী, স্বরসতীসহ নয়টি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়।" ভাংচুরে বাধা দিতে গেলে যুবকরা কয়েকজনকে মারধর করে বলেও অভিযোগ করেন যোগেশ চন্দ্র। তিনি জানান, এতে হিমেশ, সুমিত্রা রানী, ভানু রানী, সত্যজিত রানী, রাবেয়াসহ কয়েকজন আহত হন। যুবকরা রাবেয়া ও সুমিত্রার সোনার চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন যোগেশ। আহত ভানু রানী বলেন, "ছটাকীপাড়া এলাকায় আমরা ৬৪ ঘর হিন্দু রয়েছি। গরিব হওয়ার কারণে দুর্গাপূজা করতে না পারায় তিন দিনব্যাপী লক্ষ্মীপূজা করছিলাম। বৃহস্পতিবার ছিল পূজার শেষ দিন। এদিনই হামলা হয়।" স্থানীয়রা হামলাকারী হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছে। এরা হচ্ছে- শাহ আলম (৩৫), মমিন (৩০), ইব্রাহিম (৩২), কামাল (১৮), সাইফুল (১৮) ও আমিনুল হক (২৮)। এ ঘটনায় শুক্রবার সকালে মতলব (উত্তর) থানায় ছাটাকীপাড়ার সন্তোষ চন্দ্র বর্মণ বাদি হয়ে একটি মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্দিরে মূর্তি ভাংচুরের খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে যাই। এ ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।" ঘটনায় জড়িত ইব্রাহিম ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, "বাকি অপরাধীদের গ্রেপ্তারেও পুলিশ তৎপরতা চালাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৩ ঘ.