ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভয়ভীতি কিংবা নোটিশের অপেক্ষা না করে নাগরিক দায়িত্ব হিসেবে কর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আবদুল মজিদ।
তিনি বলেন, " ভয়ভীতি, শংকা কিংবা নোটিশ নয়, স্বপ্রণোদিত হয়েই কর পরিশোধ করুন।"
রোববার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বপ্রণোদিত করদাতাদের সঙ্গে এক মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান একথা বলেন।
রাষ্ট্রের প্রাপ্য আয়কর পরিশোধ করে দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য করদাতাদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, "আমরা অনেকেই আছি যারা রাষ্ট্রের কাছ থেকে উন্নয়নের সুযোগ সুবিধা নিচ্ছি। কিন্তু করদাতা হিসেবে যতটুকু কর দেওয়া প্রয়োজন তা দিচ্ছি না। এতে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশ পরনির্ভরশীল হয়ে পড়ছে।"
তিনি বলেন, "গত ৩৭ বছরে সরকার দেশ এবং বিদেশ থেকে ৫২ বিলিয়ন টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ২৬ বিলিয়ন নিয়েছে বিদেশ থেকে এবং বাকি অর্থ দেশের বিভিন্ন খাত থেকে। জাতীয় বাজেট থেকেই এই ঋণের সুদ পরিশোধ করা হচ্ছে।"
শুধু ২০০৮-০৯ অর্থ বছরে ঋণের কিস্তি হিসেবে আমাদের ১৪ হাজার কোটি টাকা সুদ দিতে হবে বলে জানান তিনি।
তিনি বলেন, "আজকের প্রতিটি শিশু ১২ হাজার ৭৭৮ টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করছে।"
অনুষ্ঠানে তিনি স্থানীয়ভাবে কয়েকজন করদাতার মধ্যে স্বপ্রণোদিত করদাতার পরিচয়পত্র দেন।
জেলা প্রশাসক মুহম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত এ সভায় জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মোহাম্মদ এমদাদুল হক এবং ঢাকা-৩ অঞ্চলের কর কমিশনার এমএ কাদের বিশেষ অতিথি হিসেবে এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার চারটি উপজেলার আয়করদাতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ করদাতা হিসেবে বক্তব্য রাখেন রইচউদ্দিন ডিউক।
এরপর ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে স্ব-প্রণোদিত করদাতাদের সঙ্গে এক মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, কর দেওয়ার হার বাড়িয়ে জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার আহ্বান জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, "পর নির্ভরশীলতার কারণে আমরা আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে পারিনি। আজ স্বনির্ভর অর্থনীতি গড়তে কর দেওয়ার হার বাড়ানোর এবং স্বেচ্ছায় কর দেওয়ার সময় এসেছে।"
তিনি বলেন, "নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব কর দেওয়া। স্বেচ্ছায় কর দিলে সেটা সবার জন্য সম্মানজনক হবে।"
অনুষ্ঠানে সাবেক এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসন বলেন, "করবান্ধব পরিবেশ সৃষ্টি করলে সবাই স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত হবে।"
অনুষ্ঠানে ৭০ জন করদাতা স্বপ্রণোদিত হয়ে মোট এক লাখ ৪০ হাজার টাকা কর দেন। রাজস্ব বোর্ড চেয়ারম্যান তাদের সনদপত্র প্রদান করেন।
জেলা প্রশাসক আখতারুজ্জামান মোহাম্মদ মোস্তাফা কামালের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মো. এমদাদুল হক, কর কমিশনার এমএ কাদের সরকার, ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাজাহান মোল্লা, সেরা করদাতা সাঈদুর রহমান, আয়কর আইনজীবী রবীন্দ্রনাথ সাহা, ফরিদপুর সার্কেলেরর উপকরকমিশনার শ্রাবণী চাকমা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24