সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনারহাট গ্রামে শনিবার সকালে এক পক্ষের লোকজনের হামলায় তিন বিডিআর সদস্য আহত হয়েছেন।
আহত সোনারহাট বিডিআর ফাঁড়ির নায়েক সুবেদার বাদশা মিয়া, লেন্স নায়েক মালেক ও সিপাহী রেয়াজুল ইসলামকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
একজন স্থানীয় সাংবাদিক জানান, ৪০ বিঘা খাস জমি নিয়ে সোনারহাট গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ইসলামাবাদ গ্রামের মাস্টার আবদুল বারী ও পিয়ার আলীর বিরোধ চলছিল।
বিরোধপূর্ণ এই জমিতে শওকত আলী ধান চাষ করেন। শনিবার সকাল ৮টায় প্রতিপক্ষ আবদুল বারী ও পিয়ার আলী বিরোধপূর্ণ জমির পাকা ধানে কয়েকটি গরু ও মহিষ ছেড়ে দেন। এসময় শওকত আলী তাদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে পার্শ্ববর্তী সোনারহাট সীমান্ত ফাঁড়ির বিডিআর সদস্যরা ঘটনাস্থলে যান। এসময় আবদুল বারী ও পিয়ার আলীসহ তাদের লোকজন বিডিআর সদস্যদের উপর হামলা চালান।
ঘটনার পর ৭৩টি গরু, মহিষ ও ভেড়া আটক করেছে বিডিআর।
দুপুরে বিডিআর ২১ রাইফেলস ব্যাটেলিয়নের মেজর তসলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এ তারেক ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়েজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় মেজর তসলিম স্থানীয় সাংবাদিকদের বলেন, "দেশের সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিডিআরের। দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত দু:খজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24