ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেওয়ারিশ লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে দখলমুক্ত হওয়া দুই একর জমি দেবে সরকার। লাশ পরিবহনের জন্য দুটি গাড়ি দেবে ঢাকা জেলা পরিষদ ও সিটি করপোরেশন।
বুধবার আঞ্জুমানে মফিদুল ইসলামের কার্যক্রম সমন্বয়সংক্রান্ত সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল একথা জানান।
স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আরও জানানো হয়, ধামরাই উপজেলায় আঞ্জুমান মফিদুল ইসলামের জন্য নির্ধারিত ৫৭ শতাংশ জমিকে কবরস্থানের উপযুক্ত করে দেবে ঢাকা জেলা পরিষদ।
উপদেষ্টা বলেন, বেওয়ারিশ লাশ দাফন ও অন্যান্য মানব কল্যাণধর্মী কাজে আঞ্জুমানে মফিদুল ইসলাম যে অবদান রেখে যাচ্ছে তা প্রশংসনীয়। এ কাজে প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার প্রস্তুত।
তবে তিনি সামর্থ্যবানদের এ ব্যাপারে ব্যক্তিগতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় জানানো হয়, ঢাকা মহানগরীতে প্রতি বছর বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে। গত অর্থবছরেও প্রায় আট হাজার বেওয়ারিশ লাশের দাফন করেছে প্রতিষ্ঠানটি। তবে পরিবহন সংকটের কারণে অনেকক্ষেত্রে প্রতিষ্ঠানটি যথাযথভাবে কাজ করতে পারছে না।
আনোয়ারুল ইকবাল প্রতিষ্ঠানটির পরিবহন সমস্যা সমাধানে ঢাকার জেলা পরিষদকে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার নির্দেশ দেন। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা একটি লাশবাহী গাড়ি দেয়ার ঘোষণা দেন।
বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, আঞ্জুমানে মফিদুল ইসলামের জন্য ২০০৮-২০০৯ অর্থবছরে ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তী অর্থবছরে অর্থের পরিমান ১ কোটি টাকা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আঞ্জুমানের পক্ষ থেকে ৬৪ জেলায় তাদের কার্যক্রম শুরু করতে কবরস্থানের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ দেয়ার জন্যও অনুরোধ করা হয়। বর্তমানে ৪৩টি জেলা তাদের কার্যক্রম চলছে।
ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা ইয়াসমীন, আঞ্জুমান মফিদুল ইসলামের ভাইস প্রেসিডেন্ট আজিম বখশ্সহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএইচবি/২২৩৮ ঘ.
bdnews24