ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় সর্বোচ্চ নেতা মং আইসহ ৫৫ সদস্যের মায়ানমার প্রতিনিধি দল তিনদিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছেছেন। মঙ্গলবার সকাল ১১টায় 'এয়ার বাগান'-এর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে মং আইকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ এবং তার স্ত্রী নীনা আহমেদ।
এ সময় বিমান বন্দরে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।
২১ বার তোপাধ্বনি ও গার্ড অব অনার দিয়ে মায়ানমারের ভাইস সিনিয়র জেনারেল মং আইকে অভ্যর্থনা জানানো হয়।
এর পরপরই প্রতিনিধি দলটিকে হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়।
৫৫ জন প্রতিনিধি দলে মং আইয়ের সঙ্গে মিয়ানমারের মন্ত্রিপরিষদের সাত সদস্য, বিমান ও নৌবাহিনী প্রধানরাও রয়েছেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মিয়ানমারের জামি ইজারা নিয়ে চাষাবাদ এবং জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে সফররত মং আই এবং প্রধান উপদেষ্টার আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জিএনএ/১২২৯ ঘ.
bdnews24