ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানা এলাকার রহমতবাগে সোমবার রাতে মঞ্জু (২৪) নামে এক ভ্যান চালক খুন হয়েছেন।
মঞ্জুর খালাত ভাই শাহ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঞ্জু শ্যামপুরের পাটেরবাগ জুরাইন এলাকায় থাকত। সোমবার বোনের ছেলে সিয়ামের জন্মদিন উপলক্ষে সে দক্ষিণ ধনিয়ার রহমতবাগে বোনের বাসা যায়। রাত ৯টা দিকে জন্মদিনের অনুষ্ঠান শেষে বোনের বাসা থেকে বের হয়।
তিনি জানান, রাত সোয়া ৯টার দিকে বোনের বাসার কাছে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানান, তিনি মারা গেছেন। পেটসহ তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শাহ আলম জানান, কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে কিছুদিন আগে তার মোবাইল ছিনতাই করার সময় স্থানীয় কয়েকজন ছিনতাইকারী সঙ্গে তার হাতাহাতি হয়েছিল। এই ঘটনার জের ধরে হত্যার ঘটনাটি ঘটেছে কিনা তা নিশ্চিত নয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"ছুরিকাঘাতে এক যুবক মারা গেছে শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। বিস্তারিত জেনে পরে জানানো যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২২৫৪ ঘ.
bdnews24