ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ চা বোর্ড ও সেনাকল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা দুই ব্রিগেডিয়ার জেনারেলকে প্রত্যাহার করে নতুন দুজনকে নিয়োগ করা হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য সেতারা বানু চৌধুরীকে জাতীয় বিজ্ঞান ও কারিগরী তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্রের (ব্যান্সডক) পরিচালক; ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত কামালউদ্দিন ভূঁইয়াকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আবু বকর সিদ্দিককে সংস্থাপন মন্ত্রণালয়ে, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক বিজন কুমার বৈশ্যকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ও সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ সাইদুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফারুক আহমেদ ও ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) পরিচালক হিসেবে বদলির আদেশাধীন যুগ্ম-সচিব হুমায়ুন কবির খানকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোশারফ হোসেনকে প্রত্যাহার করে তার আগের পদে ফেরত পাঠানো হয়েছে। আরেক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব হায়দার খানকে ওই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
সেনাকল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ তালিবুর রহমানকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হামীদ আল হাসানকে ওই পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএইচবি/২০০৪ ঘ.
bdnews24