২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের কয়েকটি পদে রদবদল

লেফটেন্যান্ট কর্নেল শহীদুল আলমকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক ও কর্নেল শহিদুল হক মল্লিককে প্রেষণে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেফটেন্যান্ট কর্নেল শহীদুল আলমকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক ও কর্নেল শহিদুল হক মল্লিককে প্রেষণে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সমবায় অধিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন যমুনা সেতু কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত সচিব) মাসুদ এলাহী। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসব নিয়োগের আদেশ জারির পাশাপাশি যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ের বেশ কিছু পদে রদবদল করা হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মকসুমুল হাকিম চৌধুরীকে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের পরিচালক ও ওএসডি যুগ্ম-সচিব ইকরাম আহমেদকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুশফিকুর রহমানকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আয়েশা বেগমকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক করা হয়েছে। অন্যদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক যুগ্ম-সচিব মাসুদা বিনতে-ই কাদিরকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুল মতিনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি করা হয়। উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক আকমল হোসাইনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মজিবুর রহমান আল মামুনকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক নিয়োগ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক উপ-সচিব গণেশ চন্দ্র সরকারকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত উপ-সচিব আফজাল হোসেনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ লোকমান হোসেনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুরের চর ভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান খানকে কর ন্যায়পালের একান্ত সচিব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এসএনডি/এমএইচবি/২২৩৯ ঘ.