২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ভাঙ্গা শিল্পের খসড়া নীতিমালায় আরও বিষয় সংযোজনের সুপারিশ

জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় প্রণীত খসড়া নীতিমালায় আরও কিছু বিষয় সংযোজনের সুপারিশ করেছে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ইপসা। বুধবার দুপুরে চিটাগং প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইপসা খসড়া নীতিমালায় অর্ন্তভুক্তির জন্য তাদের সুপারিশগুলো তুলে ধরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় প্রণীত খসড়া নীতিমালায় আরও কিছু বিষয় সংযোজনের সুপারিশ করেছে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ইপসা। বুধবার দুপুরে চিটাগং প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইপসা খসড়া নীতিমালায় অর্ন্তভুক্তির জন্য তাদের সুপারিশগুলো তুলে ধরে। ইপসার কর্মসূচি সংগঠক মোহাম্মদ আলী শাহীন জানান, জাহাজ ভাঙ্গা শিল্পের একটি নীতিমালা প্রণয়নের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত বছরের মাঝামাঝি সময় থেকে আট সদস্যের একটি কমিটি কাজ করছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়সহ কোস্টগার্ড, শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন ও এনজিও প্রতিনিধিরা রয়েছেন। এ কমিটি খসড়া তৈরি করার পর তাতে পরিবর্তন ও সংযোজনের জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের কাছ থেকে সুপারিশমালা আহ্বান করে। জাহাজ ভাঙ্গা শিল্পের অর্থনৈতিক সম্ভাবনা ও জাতীয় উন্নয়নে এর ভূমিকার কথা উল্লেখ করে আলী শাহীন বলেন, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে জাহাজ ভাঙ্গার কারণে মানবিক ও পরিবেশগত বিপর্যয় হচ্ছে। জাতীয়ভাবে একটি নীতিমালা হলে তা এ শিল্পের বিকাশের পাশাপাশি বিরাজমান সমস্যা দূর করতেও ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, খসড়া নীতিমালায় বিদেশ থেকে জাহাজ আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থেকে শুরু করে তা পরিবেশ সম্মতভাবে ভাঙ্গা এবং বিক্রি বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, শিপ ইয়ার্ডের বিদ্যমান ঝুঁকি ও বিপদ মোকাবেলার কারিগরি দক্ষতা, যন্ত্রপাতি, অবকাঠামো এবং সক্ষমতার বিষয়গুলোও স্থান পেয়েছে। আলী শাহীন জানান, খসড়া নীতিমালায় সরকার অনুমোদিত জায়গা ছাড়া অন্য কোনও স্থানে জাহাজ ভাঙ্গার ইয়ার্ড স্থাপন না করার কথা উল্লেখ রয়েছে। ইপসা জাহাজ ভাঙ্গা কর্মকাণ্ডের সার্বিক পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি আমদানির আগে জাহাজের সব বর্জ্য অপসারণ এবং এগুলো বিক্রি বা পুনঃপ্রক্রিয়াজাতকরণ নিষিদ্ধ এবং বর্জ্যমুক্ত সনদ ছাড়া কোনও জাহাজকে স্ক্যাপ হিসাবে আমদানির অনুমোদন না দেওয়ার সুপারিশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৪৯ ঘ.