চট্টগ্রাম, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজীসহ তিন জনের সনদ মামলায় দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিচারপতি ফয়েজী, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান ও জেসমিন সুলতানা- এই তিনজনের সনদ বাতিল করে দেওয়া বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হাইকোর্ট বাতিল করে।
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের ডিন মো. জাকির হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামলা পরিচালনাকারী দপ্তরের সহকারী রেজিস্ট্রার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান এবং জেসমিন সুলতানার সনদ বাতিলের মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। আপিল আবেদন যথাক্রমে ১৫৩, ১৫৪ ও ১৫৫ ফাইলে নিবন্ধিত হয়েছে।
গত বছরের ৩ মার্চ ৪৩৯তম সিন্ডিকেটের এক্সট্রা অর্ডিনারি সভায় ফলাফল জালিয়াতির অভিযোগে বিচারপতি ফয়েজীসহ প্রায় বার'শ জনের সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিচারপতি ফয়েজী, জিয়া আহসান হাবীব ও জেসমিন সুলতানা এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন।
ওই বছর ৬ আগস্ট হাইকোর্ট সিন্ডিকেটের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে এবং আবেদনকারী প্রত্যেককে বিশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক জাকির হোসেন এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট জালিয়াতির তথ্য উদঘাটন করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছে। এখন জাতি প্রত্যাশা করে যেন জাল সার্টিফিকেট নিয়ে কেউ পার পেয়ে না যায়। আদালত সমাজের ও গণ মানুযের চাওয়া ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই রায় দেবেন বলে সকলে প্রত্যাশা করে। ব্যাক্তি যতই বড় হোক কেউ অন্যায় করে পার পাওয়া উচিত হবে না।
২০০৭ সালের ৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিচারপতি ফয়েজীর এলএলবির সনদ বাতিল করে দেয় । ৪ মার্চ ফয়েজীকে বিচারকাজ থেকে প্রত্যাহার করে নেন প্রধান বিচারপতি।
ফয়েজীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ মার্চ হাইকোর্ট তার এলএলবি সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করে । একই সঙ্গে আদালত বিচারপতি ফয়েজীর সনদ বাতিলের ব্যাপারে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং প্রকাশিত গেজেট কেন অবৈধ হবে না তার কারণ জানাতে রুল জারি করে।
১২ জুলাই সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী পদত্যাগ করেন।
ফয়েজী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০৬ সালের ২২ আগস্ট।
এর আগে ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। তখন দুটি জাতীয় দৈনিকে তার এলএলবি প্রিলিমিনারি পরীক্ষার টেব্যুলেশন শিটে ব্যাপক অনিয়ম রয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন প্রকাশের পর ২০০৪ সালের ৯ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় পরীক্ষায় জালিয়াতি, নম্বরপত্র ও সদনপত্রে অনিয়ম খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এই কমিটির প্রতিবেদনে ফয়েজীর ব্যাপারে বলা হয়, তার প্রিলিমিনারি পরীক্ষার রোল-১৯৩৪, ফাইনাল পরীক্ষার রোল-৩৬৫২। দুই পরীক্ষার সন-১৯৮৯। উভয় পরীক্ষাতে ফলাফল দেখানো আছে তৃতীয় শ্রেণী। মন্তব্য করা হয়েছে: টেব্যুলেশন শিটে ঘষামাজা ।
ফয়েজী ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি প্রিলিমিনারি ও ফাইনাল পরীক্ষায় অংশ নেন। ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় কাটাকাটি, নম্বর পরিবর্তন, স্বাক্ষরবিহীন টেব্যুলেশন শিট এর জন্য ১৫ জন এলএলবি পরীক্ষার্থীকে অনিয়মের দায়ে অভিযুক্ত করা হয়। ১৫ জনের মধ্যে ফয়েজীও ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24