২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ ফিরিয়ে দেবেন তিতাসের ১২৬ কর্মী

অবৈধভাবে আয় করা সম্পদ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় চারশ কোটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে আয় করা সম্পদ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় চারশ কোটি। তিতাসে নিয়োজিত গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন জাতীয় সমন্বয় কমিটির বিশেষ টাস্কফোর্সের কাছে ১১৮ জন কর্মচারী ও আট কর্মকর্তা সম্পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে লিখিত অঙ্গীকার করেছেন। তিতাসে টাস্কফোর্সের প্রধান লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের অনেকেই অবৈধভাবে অর্জিত সম্পদ ফিরিয়ে দেবেন।" প্রতিষ্ঠানের আরও দুশ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক তিতাসের এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্স সদস্যরা তালিকা করে সবার সঙ্গে আলাদাভাবে কথা বলেছে। এ সময় সম্পত্তির হিসাব চাওয়া হয়। অনেকেই স্বেচ্ছায় সম্পত্তি ফিরিয়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেছেন।" টাস্কফোর্স কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত তিতাসের ২০৯ জন কর্মচারীর ও ৭৯ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৩ জন সম্পর্কে দুর্নীতি দমন কমিশনে তথ্য পাঠানো হবে। এরই মধ্যে তথ্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পেট্রোবাংলার প্রকল্প সমন্বয়ক প্রকৌশলী এম কামাল উদ্দিন আহমেদ সোমবার টাস্কফোর্সের কাছে লিখিত বিবৃতি দিয়ে তিতাস গ্যাসে বিভিন্ন সময়ের দুর্নীতির তথ্য দেন। তিনি বলেছেন, গ্যাস পাইপ বসানোর ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে ব্যয় ভাগাভাগি বা কস্ট শেয়ারিংয়ের ক্ষেত্রেই বড় ধরনের দুর্নীতিগুলো হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, "কস্ট শেয়ারিংয়ের ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট নিয়ম না থাকার সুযোগ নিয়েছেন দুর্নীতিবাজরা।" গ্রাহকরা আবেদন করার পর প্রকল্পটি পাশ করিয়ে নেওয়ার জন্য কখনো কখনো সংশ্লিষ্ট বিভাগ ও ব্যবস্থাপনা পরিচালকদের টাকা দেওয়া হতো বলে তিনি অভিযোগ করেন। অনিয়ম আর দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগে তিতাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারীর তালিকা তৈরি করে গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন জাতীয় সমন্বয় কমিটির বিশেষ টাস্কফোর্স। এদের মধ্যে সিবিএ নেতা-কর্মীসহ ১৭৫ জনকে এরই মধ্যে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। গণবদলির আওতায় বাকিদেরও তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন টাস্কফোর্স কর্মকর্তারা। গত বছরের অক্টোবর মাসে বিশেষ টাস্কফোর্স তিতাসে কার্যক্রম শুরু করে। কারওয়ানবাজার তিতাস ভবনের দোতলায় ক্যাম্প করা হয় ২৫ অক্টোবর। লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদের নেতৃত্বে টাস্কফোর্স কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২১৩৮ ঘ.