২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লঞ্চের ধাক্কায় ৬৫০ মেট্রিক টন সারসহ কার্গো ডুবি

মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের কালাবাদর নদীতে সোমবার ভোররাতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সার বোঝাই একটি কার্গো ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

বরিশাল, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের কালাবাদর নদীতে সোমবার ভোররাতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সার বোঝাই একটি কার্গো ডুবে গেছে। ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ এমভি পারাবত-৮ সার বোঝাই এমভি মাস্টার রাতুল-২ নামের কার্গোটিকে ধাক্কা দেয়। কার্গো ডুবে প্রায় দু' কোটি এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬৫০ মেট্রিকটন ইউরিয়া সার নষ্ট হয়েছে বলে দাবি করেছে কার্গোর মাষ্টার দোলোয়ার হোসেন। এ ব্যাপারে তিনি মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। তবে লঞ্চটি আটক করা হয়নি। মামলার এজাহারের বরাত দিয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্রগ্রাম থেকে ৬৫০ মেট্রিক টন সার নিয়ে এমভি মাস্টার রাতুল-২ নামের কার্গোটি বরিশালে আসছিল। ঘন কুয়াশার কারণে রোববার রাতে কার্গোটিকে ভাষানচর ইউনিয়নের কালাবাদর নদীতে নোঙর করে রাখা হয়। সোমবার সকালে এম ভি পারাবত-৮ লঞ্চটি কার্গোটিকে ধাক্কা দেয়। এতে মাঝ নদীতে কার্গোটি ডুবে যায়। কার্গোর লোকজন সাঁতরে তীরে উঠেন। এতে কেউ হতাহত হয়নি বলে জানান লিয়াকত আলী। বিকেল পৌনে ৫ টা পর্যন্ত কার্গোটি উদ্ধারের কাজ শুরু হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এম ভি পারাবত-৮ এর মালিক খাজা মোহম্মদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে এ অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.