২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডের ছয়দিন পরও জিয়া সার কারখানায় উৎপাদন শুরু হয়নি

আশুগঞ্জ জিয়া সার কারখানার অ্যামোনিয়া প্লান্টে অগ্নিকাণ্ডের ছয়দিন পরও উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। কবে নাগাদ শুরু হবে সেটাও জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ জিয়া সার কারখানার অ্যামোনিয়া প্লান্টে অগ্নিকাণ্ডের ছয়দিন পরও উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। কবে নাগাদ শুরু হবে সেটাও জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় কারখানার অ্যামোনিয়া প্লান্টে আগুন লাগার পর উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা ব্যবস্থাপনা পরিচালক মো. ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের মেরামত কাজ চলছে। প্লান্টের সিঙ্গেস কমপ্রেসারের বেল্ট লাইন অতিরিক্ত গরম (ওভারহিট) হয়ে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। মেরামত শেষে কবে নাগাদ উৎপাদন শুরু করা সম্ভব হবে জানতে চাইলে তিনি বলেন, "আমরা কাজ করছি। মেরামত হয়ে গেলে যে কোন সময় উৎপাদন শুরু হয়ে যাবে।" কারখানা কবে চালু হবে সেটা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি। ব্যবস্থাপনা পরিচালক ওসমান আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি শনিবার থেকে কাজ করছে। অগ্নিকাণ্ডের পর ২৩ জানুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল কারখানা পরিদর্শন করেন এবং তিনি দ্রুত কারখানা চালুর নির্দেশ দেন। এ ঘটনায় শিল্প মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। দৈনিক এক হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় পৌনে এক কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে কারখানা সূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৭ ঘ.