২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যৌথ অভিযানে এক'শ মণ জাটকা আটক

বরিশাল নগরীর মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) লাগোয়া কীর্তনখোলা নদী থেকে ট্রলার বোঝাই প্রায় এক'শ মণ জাটকা আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

বরিশাল, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) লাগোয়া কীর্তনখোলা নদী থেকে ট্রলার বোঝাই প্রায় এক'শ মণ জাটকা আটক করা হয়েছে। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযানে এ জাটকা ইলিশ আটক করা হয়। পরে ৯২ মণ জাটকা নিলামে বিক্রি করে দেওয়া হয়। একই সঙ্গে জাটকা পরিবহনকারী এফবি খাজা গরিবে নেওয়াজ নামের ট্রলারটি বিএফডিসির হেফাজতে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মাহবুবুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যার তার নেতৃত্বে বিএফডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালান। এ সময় তারা ঘাটে নোঙর করা এফবি খাজা গরিবে নেওয়াজ ট্রলার থেকে প্রায় এক'শ মণ জাটকা অটক করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারের লোকজন পালিয়ে যায়। পরে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন আর রশিদ, র‌্যাব-৮ এর কর্মকর্তা ফ্লাইট ল্যাফটেন্যান্ট আনিচুজ্জামান, উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা জিয়াউল হকের উপস্থিতিতে ৯২ মণ জাটকা নিলামে এক লাখ ৭৭ হাজার ৯২০ টাকা বিক্রি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মাহবুবুল করীম আরও জানান, আটকৃত জাটকার মধ্যে ৩৫০ কেজি এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৫ ঘ.