ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় হবে ৩১ জানুয়ারি।
সোমবার মামলায় যুক্তিতর্কের পর সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন রায়ের তারিখ ধার্য করেন।
এ মামলায় মুন্সি আনোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বন বিভাগে ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ আনা হয়েছে।
সোমবার আদালতে যুক্তিতর্ক শুনানিতে আসামি পক্ষের আইনজীবী আব্দুল হান্নান বলেন, "রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহসিন মিয়া বলেন, "আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।"
মুন্সী আনোয়ারুলের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয় ২০০৬ সালের ২৬ জুন। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম শাহিদুর রহমান গুলশান থানায় এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সরকারি চাকরি করার সময় ক্ষমতার অপব্যবহার করে আসামি সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া ২০০৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০০৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে বন বিভাগের বিভিন্ন পদে ৭৯ জনকে নিয়োগ দেন। এই নিয়োগের ক্ষেত্রে আর্থিক সুবিধাও নেন তিনি।
এজাহারে মুন্সী আনোয়ারুল এবং নিয়োগপ্রাপ্ত ৭৯ জনকে আসামি করা হলেও পরে আদালতে দাখিল করা অভিযোগপত্রে ৭৯ জনকে অব্যাহতি দেওয়া হয়। শুধু মুন্সী আনোয়ারুলকে আসামি করে গত ৩ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক মো. তালেবুর রহমান অভিযোগপত্র দাখিল করেন।
এরপর গত ৩০ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ৫ নভেম্বর থেকে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ১৮ জন সাক্ষ্য দেয়।
চাকরিতে থাকার সময় মুন্সী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে বন বিভাগের নানা রকম দুর্নীতির অভিযোগ ওঠে। গত ৭ মার্চ তাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। সম্পত্তির হিসাব দাখিল করার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রকাশিত দ্বিতীয় তালিকায় তার নাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬৫১ ঘ.
bdnews24