ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২৯ জেলার ৪৮ উপজেলা ও ছয়টি মেট্রোপলিটন থানা এলাকায় হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ছড়িয়ে পড়েছে। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার রোববার জানান, এ রোগ যাতে মানব দেহে সংক্রমিত হতে না পারে সেজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার।
মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানিক লাল জানান, গত বছরের মার্চ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশের মোট ৯৩টি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ঘটেছে। এর মধ্যে ২৫টি খামারে এ রোগের বিস্তার ঘটেছে চলতি মাসেই। আক্রান্ত খামারগুলোর মোট তিন লাখ ২৬ হাজার ৮৪৪টি হাঁস-মুরগি মেরে ফেলা হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "মানুষের দেহে বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে একটি বিশেষ ওয়ার্ডসহ প্রতিটি জেলায় আলাদাভাবে বার্ড ফ্লু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"
তিনি জানান, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশের ১২টি হাসপাতালে ভর্তি ৮০৩ জনকে পরীক্ষা করে দেখা হয়েছে। তবে কারো শরীরেই এভিয়ান ফ্লু'র জন্য দায়ী ভাইরাস (এইচ ফাইভ এন ওয়ান) পাওয়া যায়নি। তারপরও রোগটি যাতে মানব দেহে সংক্রমিত হতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।
মানিক লাল জানান, ১৬ সদস্যের একটি কমিটি জেলা পর্যায়ে রোগ নির্ধারণ ও পর্যবেক্ষণের কাজ করছে। বিভিন্ন স্থানে সংক্রমণের খবর পাওয়ার পর তারা নমুনা সংগ্রহ, পরীক্ষা ও আক্রান্ত পাখি নিধনের বিষয়টি তদারকি করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ কাজে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়কে সহায়তা দিচ্ছে।
এছাড়া এ কাজের জন্য পশু সম্পদ অধিদপ্তর ১৫০ জন স্বেচ্ছাসেবীকে নিয়োগ দেবে। আর অধিদপ্তরকে আর্থিক সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবেশী দেশ ভারতে এভিয়ান ফ্লু'র ব্যাপক বিস্তারের কারণে ওই দেশ থেকে পশু-পাখি আমদানিতে বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। কোনো আক্রান্ত প্রাণী যাতে সীমান্তপথে দেশে ঢুকতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। ১১টি সীমান্ত পয়েন্ট ও দেশের ভেতরের কয়েকটি পয়েন্টে বিশেষ ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। ওইসব পয়েন্ট দিয়ে দেশে আসা প্রতিটি যানবাহনে ভাইরাস প্রতিরোধক ওষুধ
bdnews24