২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অর্থনৈতিক ফোরাম বৈঠক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকে যোগদানশেষে শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুইজারল্যান্ডের ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকে যোগদানশেষে শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। শনিবার রাত ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে প্রধান উপদেষ্টা ঢাকায় পৌঁছান। একই বিমানে দেশে ফিরেছেন তার সফরসঙ্গী পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী, এবং প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম । প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম শনিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, মন্ত্রিপরিষদ সচিব আলি ইমাম মজুমদার, সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম এবং স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম। অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডব্লিউইএফ এর বার্ষিক সম্মেলন ২৩ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডের ডাভোসে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ সম্মেলন ২৭ জানুয়ারি শেষ হবে। বিশ্বের ২৯ জন রাষ্ট্র বা সরকার প্রধান এবং বিশ্বের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, শীর্ষ ধনী ব্যক্তি, ব্যাংক, বাণিজ্য ও শিল্পখাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনীতিবিদ এ সম্মেলনে যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ডাভোস বৈঠকে যোগ দিতে ২২ জানুয়ারি রাতে ঢাকা ত্যাগ করেন। এ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছাড়াও ছিলেন জেনেভায় জাতিসংঘ অফিস ও বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ডাভোস বৈঠকে বৃহস্পতিবার অনুষ্ঠিত "শান্তি ও স্থিতিশীলতার সন্ধান" শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখেন ফখরুদ্দীন আহমদ । বাংলাদেশে বিনিয়োগকারি বিভিন্ন বিদেশি সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া অভিবাসী বাংলাদেশীদের একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এসকে/২০৫১ঘ.