২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কনকনে শীত, জবুথবু দেশ

মাঘের বৃষ্টিতে জবুথবু সারা দেশ। শুক্রবার দিনের অধিকাংশ সময় রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুর যুগল প্রভাবে বুধবার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া কার্যালয় জানিয়েছে, শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার উন্নতি হতে পারে রোববার। জানাচ্ছেন মরুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

মরুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঘের বৃষ্টিতে জবুথবু সারা দেশ। শুক্রবার দিনের অধিকাংশ সময় রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরের বাতাস। আবহাওয়া কার্যালয় জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুর যুগল প্রভাবে বুধবার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে থাকতে পারে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রোববার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত আবহাওয়াবিদ ছাদেকুল আলম শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের ওপর দিয়ে পূর্বদিকে যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এর সঙ্গে মিলিত হচ্ছে পূবালী বায়ু। এ কারণেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতকালে এ ধরনের বৃষ্টি অস্বাভাবিক নয়। বৃষ্টির কারণে অনেক স্থানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর আধিকাংশ স্থানে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শুক্রবারও থেমে থেমে বৃষ্টি চলছেই। ছুটির দিন হওয়ায় কনকনে ঠাণ্ডা আর বৃষ্টি মাথায় করে নিতান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না কেউ। এ কারণে পথঘাট মোটামুটি ফাঁকা। খুলনা, বাগেরহাট, যশোর, বরিশাল ও পটুয়াখালিতেও বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমআই/১৬২৬ ঘ.