২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সাবেক সাংসদ আলমগীর ফরিদের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বিরুদ্ধে চিংড়ি ঘেরের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিরাজ মিয়া মহেশখালী থানায় এই মামলা করেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় মামলাটি রেকর্ড করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

কক্সবাজার, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বিরুদ্ধে চিংড়ি ঘেরের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিরাজ মিয়া মহেশখালী থানায় এই মামলা করেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় মামলাটি রেকর্ড করা হয়। মামলায় আলমগীর ফরিদ ছাড়া আরও ২০ জনকে আসামি করা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী এজাহারটি মামলা হিসেবে রেকর্ড হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। থানার এক উপ-পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার অভিযোগে বলা হয়, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিরাজ মিয়া ও তার নিকটাত্মীয়রা ২০০৬ সালে ইজারা পাওয়া সত্বেও সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও তার অনুগত লোকজন চিংড়ি ঘেরের ২৯৬ কানি জমি জবরদখল করে। তারা ক্ষমতার অপব্যবহার করে ইজারাদারদের বিতাড়িত করে। এছাড়া সাবেক সাংসদ ওই জমি ফিরিয়ে দেওয়ার কথা বলে ইজারাদারদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। সিরাজ মিয়া জানান, ইজারা নেওয়া জমিতে তাদের যেতেই দেননি সাবেক সাংসদ আলমগীর ফরিদ ও তারা অনুগতরা। তাদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হলে তারা ৫০ হাজার টাকা দেন বলেও তিনি জানান। তিনি জানান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরপরই তিনি মহেশখালী থানায় এজাহার দায়ের করেছেন। তবে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে কিনা তার জানা নেই। আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কয়েক মাস আগে ঢাকায় যৌথবাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি এবং উপকূলীয় বনবিভাগের প্যারাবন ধ্বংসের ক্ষতিপুরণ মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.