ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ বিতরণ নীতিতে সহসাই পরিবর্তন আসছে। অতীতের 'শহরের চাহিদা পূরণ করে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নীতি'র পরিবর্তে এখন থেকে 'গ্রামের চাহিদা পূরণ করে শহরে বিদ্যুৎ দেওয়ার নীতি'ই কার্যকর করা হবে। এ জন্য শহরাঞ্চলের দোকান-পাট রাত আটটার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সিদ্ধান্ত কেউ অমান্য করলে তাদের জরিমানাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষি সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয়ের সচিবদের যৌথ সম্মেলনে বিদ্যুৎ সচিব ড. ফাওজুল কবির খান এ তথ্য জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব আব্দুল আজিজ ও জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে মোস্তাক আহমেদ।
বিদ্যুৎ সচিব বলেন,"অতীতের 'শহরের চাহিদা পূরণ করে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নীতি'র ব্যত্যয় ঘটিয়ে এবার 'গ্রামের চাহিদা পূরণ করে শহরে বিদ্যুৎ দেওয়ার নীতি' নেওয়া হয়েছে।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষি সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শহরাঞ্চলে লোড ব্যবস্থাপনা করা হবে। এতে কিছু উল্লেখযোগ্য স্থাপনা ও এলাকা ছাড়া সব ক্ষেত্রেই লোড ব্যবস্থাপনা করা হবে। অভিজাত এলাকাও এর আওতায় আসবে।
কৃষি সেচ কাজে ব্যবহৃত দুই লাখ ২৫ হাজার পাম্পের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে- এ তথ্য জানিয়ে ফাওজুল কবির জানান, ইতোমধ্যে প্রায় এক লাখ ৬০ হাজার পাম্পে সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।
গত বছর জানুয়ারি মাসে বিদ্যুতের উৎপাদন দুই হাজার ৭২৯ মেগাওয়াট ছিল উল্লেখ করে ফাওজুল কবির আরো জানান, চলতি বছর এ উৎপাদন তিন হাজার ৪০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
তিনি জানান, কৃষি সেচ কাজে এ বছর প্রায় ৮০০ থেকে এক হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
কৃষি সচিব আবদুল আজিজ জানান, দেশে চলতি বছর ২৮ লাখ মেট্রিক টন সারের প্রয়োজন হবে। এর মধ্যে শুধু বোরো মৌসুমেই সারের প্রয়োজন হবে ১২ লাখ মেট্রিক টন। চলতি জানুয়ারি মাসেই প্রয়োজন পড়বে প্রায় চার লাখ মেট্রিক টন।
এর বরাদ্দ ইতোমধ্যেই দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফেব্র"য়ারি মাসের চাহিদা অনুযায়ী আরো পাঁচ লাখ মেট্রিক টন সারের মজুদ রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, মার্চ মাসে সারের প্রয়োজন হবে তিন লাখ মেট্রিক টন। এর মধ্যে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন সারের মজুদ রয়েছে। বাদবাকি সার দ্রুত আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মার্চের আগেই এগুলো আমদানি করা সম্ভব হবে বলে জানিয়ে আবদুল আজিজ জানান, এক লাখ ৫০ হাজার মেট্রিক টনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন সার আমদানির জন্য ইতোমধ্যে বিএডিসি প্রক্রিয়া শুরু করেছে।
এক প্রশ্নের জবাবে সচিব আবদুল আজিজ জানান, চলতি বছর দেশের প্রায় ৪৫ লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হবে। যা এর আগের বছর ছিল ৪২ লাখ হেক্টর। কৃষকদের চাহিদা অনুযায়ী সার, বীজ ও কৃষি উপকরণ সরবরাহে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। কৃষি সেচের জন্য বর্তমানে দেশে দুই লাখ ৮৮ হাজার মেট্রিক টন ডিজেল ও জ্বালানির মজুদ রয়েছে। এ জ্বালানি বিতরণের ক্ষেত্রে সরকারের প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে।
কৃষি সচিব কৃষি কাজে সেচের জন্য ডিজেল চালিত পাম্প মালিকদের জন্য ভর্তুকির ৭৫০ কোটি টাকা কৃষকদের কাছে সরাসরি নগদ অর্থে দেওয়া হবে উল্লেখ করে আরো জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তালিকার ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যৌথবাহিনীর উপস্থিতিতে এ অর্থ বিতরণ করা হবে।
এ অর্থ কৃষকদের হাতে পৌঁছাতে আগামী মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৬৪০ঘ.
bdnews24