২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যায় হলেই প্রতিবাদের প্রত্যয় কারামুক্ত শিক্ষকদের

আগামীতে আবার কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারামুক্ত শিক্ষকরা। বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশে শিক্ষকরা এ কথা বলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি সব শিক্ষার্থী বুধবার মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামীতে আবার কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারামুক্ত শিক্ষকরা। বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশে শিক্ষকরা এ কথা বলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি সব শিক্ষার্থী বুধবার মুক্তি পেয়েছেন। সকাল এগারোটার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এই সংহতি সমাবেশ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কারামুক্ত শিক্ষার্থীদের অভিভাবকরা এতে বক্তৃতা করেন। সকাল সোয়া এগারোটায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মানবেন্দ্র দেব, জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন, মো. দীন ইসলাম ও দীন ইসলাম অ্যাঞ্জেল ক্যাম্পাসে এসে এই সংহতি সমাবেশে যোগ দেন। সমাবেশের শুরুতেই অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "এ জাতি যে কখনো মাথা নোয়াবার নয় তা আবারো প্রমাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।" সরকারের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, "প্রথমে সাজা দিয়ে পরে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদের সবাই কি একমত ছিলেন? নাকি বিশেষ কোনো উপদেষ্টার ইচ্ছায় এটা হয়েছে?" কবীর চৌধুরীর পর সমাবেশে বক্তব্য রাখেন কারামুক্ত শিক্ষার্থী দীন ইসলাম অ্যাঞ্জেলের বাবা ইদ্রিস আলী। তিনি বলেন, "আমার ছেলেকে গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে বলেছিলাম, স্যার আপনারা কিছু একটা করেন। কিন্তু উনি বললেন, আমি এ বিষয়ে এখন কিছুই বলতে পারব না।" কারামুক্ত মানবেন্দ্র দের মা ডলি দে বলেন, "মানব কোন অন্যায় করেনি। মানবের জন্ম হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, অন্যায় করার জন্য নয়।" কারামুক্ত শিক্ষার্থী রফিকুল ইসলামের বাবা আব্দুল হালিম বলেন, "মুক্তিযুদ্ধের সময় আমি দেশকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। একজন সাধারণ কৃষক হয়েও ছেলেকে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম। কিন্তু এই স্বাধীন দেশে মিথ্যা অভিযোগে আমার ছেলেকে জেল খাটতে হলো।" কারামুক্ত জাহিদুল ইসলাম বিপ্লবের মা শাহিন আক্তার বলেন, "আমার ছেলেকে আমার চোখের সামনে চোখ বেধে নিয়ে যাওয়া হয়। কারা নিচ্ছে, কোথায় নিচ্ছে তা আমাকে জানতে দেওয়া হয়নি। তাদের পোশাক দেখে আমরা কেবল ধারণা করতে পেরেছি।" অভিভাবকদের বক্তব্য শেষে কারামুক্ত শিক্ষক অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক বলেন, "আগামীতে যদি আবার কোনো অন্যায় হয়, আমরা আবারো তার প্রতিবাদ করবো। মামলা প্রত্যাহারের মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে যে ওই মামলাগুলো ছিলো মিথ্যা ও হয়রানিমূলক।" তিনি বলেন, "সরকার এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যাতে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রতিপক্ষ। কিন্তু একটি শিক্ষাঙ্গন কখনো কারো প্রতিপক্ষ হতে পারে না।" দ্রুত নির্বাচন দাবি করে অধ্যাপক ভৌমিক আরো বলেন, "দেশে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অবিলম্বে নির্বাচন দিতে হবে। আর তার আগে অবশ্যই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।" কারামুক্ত অপর শিক্ষক ড. হারুন অর রশীদ বলেন, "আমাদের যারা বন্দি করেছিল, তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমি সেই ব্যারিস্টার মইনুল হোসেনকে বলতে চাই, আমাদের ক্যাম্পাসে আমরাই থাকব। আমাদের আরো অনেক কিছু বলার আছে, কিন্তু আজকের সমাবেশে কিছুই বলবো না।" অধ্যাপক হারুন বলেন, "কি অন্যায় করেছিলাম আমরা। আমরা বিপন্ন ছাত্র-শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলাম। সেদিন যেসব ছাত্র-শিক্ষক লাঞ্ছিত হয়েছিলেন, আমরা কেবল তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি জানিয়েছিলাম। এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আগামীতে আমরা এ ধরনের অন্যায় আরো করবো।" তিনি বলেন, "২৩ তারিখ গ্রেপ্তার হওয়ার আগেই বিভিন্ন মাধ্যম থেকে আমাকে গ্রেপ্তার করা হবে বলে খবর পেতে থাকি। তারা আমাকে তখনই পালিয়ে যেতে বলে। কিন্তু আমি পালাইনি। বরং কারাগারে যাওয়ার প্রস্তুতি হিসেবে আমি একটি ব্যাগ গুছিয়ে রাখি।" আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করেই যাবো। আমরা বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়ানোকেই কর্তব্য বলে মনে করি।" একটি মামলার উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, "শাহবাগ থানার ওই মামলার বাদি একজন পুলিশ কর্মকর্তা হলেও প্রকৃতপক্ষে এটি একটি গোয়েন্দা সংস্থার মামলা।" কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির আন্দোলনে বিশেষ ভূমিকা রাখার জন্য অধ্যাপক এম এম আকাশকে ধন্যবাদ জানিয়ে আনোয়ার হোসেন বলেন, তাদের এই অহিংস আন্দোলন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও সারা দেশের মানুষের জন্য একটি বড় শিক্ষা। আগস্টের সহিংসতার কথা উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, "শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সেদিন নিরাপত্তা বাহিনীর নামে যৌথবাহিনী নামানো হয়েছিল। এ কারণেই সারা দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।" তিনি আরো বলেন, "আমাদের কীভাবে আটক করা হয়েছিল তা আপনারা শুনেছেন। আমাদের চোখ বেঁধে রাতের অন্ধকারে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু এভাবে রাতের অন্ধকারে গ্রেপ্তারের কোনো প্রয়োজন তো ছিল না। কোনো সংস্থার সব লোকই তো আর খারাপ থাকে না। ভালো লোকও কিছু থাকে। ডিজিএফআই এর এমন কয়েকজন সদস্য সেদিন রাতে ফোন করে আমাকে পালিয়ে যেতে বলেছিল। কিন্তু আমি পালাইনি।" অধ্যাপক আনোয়ার বলেন, "দেশ চালাচ্ছে কারা? সবার মনে এখন একটাই প্রশ্ন। এই ভুতুড়ে সরকারে কারা কারা আছে তা আপনারা সবাই জানেন।" অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, "নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। আমরা আর রোডম্যাপের ঘোষণা শুনতে চাই না।" গোয়েন্দা সংস্থার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, "গোয়েন্দা সংস্থারও প্রয়োজন আছে। তবে এটা তো কোনো ট্যাবু না যে তা নিয়ে কোনো কথা বলা যাবে না।" কারামুক্ত অপর শিক্ষক অধ্যাপক সদরুল আমিনও সব মামলা প্রত্যাহার ও সব ছাত্রের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. কামরুল হাসান খান, অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সৈয়দ শামসুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন আ স ম আরেফীন সিদ্দিক এবং মুনতাসির মামুন বক্তৃতা করেন। সংহতি সমাবেশে প্রতি বছরের ২০ আগস্ট 'ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস' হিসেবে পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী মুক্ত কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী। বুধবার সকাল সোয়া ১১টায় মুক্তি পান পাঁচ জন। এরপর বিকেলে ও সন্ধ্যায় মুক্তি পান আরো তিনজন। সকালে মুক্তি পান মানবেন্দ্র দেব, জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন, মো. দীন ইসলাম ও দীন ইসলাম অ্যাঞ্জেল। এরা সবাই শাহবাগে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় (৫১ নম্বর মামলা) কারাবন্দি ছিলেন। বিকেলে মুক্তি পাওয়া লিটন মাহমুদ সোমবার ৫১ নম্বর মামলা থেকে অব্যাহতি পান। আর মনিরুজ্জামান সর্দার মঙ্গলবারই আদালতের রায়ে ৫৪ নম্বর মামলা থেকে খালাস পান। গাড়ি পোড়ানোর মামলায় জামিন পাওয়া আরেক ছাত্র আসাদুজ্জামানের মুক্তির কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি মুক্তি পান সন্ধ্যার সাড়ে ছয়টার পর। এছাড়া মিরপুর থানার একটি মামলার আসামি বাংলা কলেজের ছাত্র ইন্দ্রজিত সাহা সাগরকেও বিকেলে মুক্তি দেওয়া হয়। সকালে কারাগার থেকে মুক্তি পেয়ে পাঁচ শিক্ষার্থী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর যোগ দেন বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশে। দুপুর সাড়ে ১২টায় তারা ক্যাম্পাসে পা রাখা মাত্র হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। গত আগস্টের ছাত্র বিক্ষোভের সময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় ৫১ নম্বর মামলাটি দায়ের করা হয়। এই মামলায় ২৫ জন আসামির মধ্যে সোমবার ১৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। বাকি যে সাতজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে তার মধ্যে পাঁচ জন বুধবার জামিন পেয়েছেন। অন্য দুই আসামি রাশেদুল হাবিব ও আবুল হাসান এখনো পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেএফ/একেএম/জেকে/এমএ/২০০০ঘ.