ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলঙ্কার ব্যবসায়ীর ছেলে তূর্য ঘোষ রনি হত্যার চাঞ্চল্যকর মামলায় পাঁচ আসামীর ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার দুপুরে খুলনার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন লিটনসহ ৫ হত্যাকারীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের এ রায় দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো.আনোয়ার হোসেন।
দন্ডিত আসামীরা হচ্ছে খুলনার দৌলতপুর থানার পাবলা মধ্যপাড়ার শাহাদাত হোসেন লিটন ওরফে খোঁড়া লিটন, তার ভাই আল মামুন ওরফে মামুন, বরিশালের কোতোয়ালি থানার রূপাতলীর মৃত আবদুল হাকিমের ছেলে মো. আবু সাঈদ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের অডিটর মো. ফরহাদ আলম হীরা ও লিটনের কথিত স্ত্রী শামসুন নাহার শিউলি।
রায় শুনে কাঠগড়ায় দাঁড়ানো দণ্ডিতদের মধ্যে কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। রায় ঘোষণার পর তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
এক কোটি টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ২০০৬ সালের ২৯ অক্টোবর তূর্যকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে তূর্যের লাশ টুকরো টুকরো করে ঝিলে ফেলে দেয় হত্যাকারীরা।
রায়ে অপহরণের দায়ে অভিযুক্তদের প্রত্যেককে আরো ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের কথা উল্লেখ করা হয়। কিন্তু সেহেতু তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দেয়া হয়েছে তাই পরের সাজা কার্যকর হচ্ছে না।
দণ্ডিত আসামী ফরহাদ আলম হীরার আইনজীবী মো. হারুন অর রশীদ খান আদালতের দেয়া এ রায় প্রত্যাখান করে সাংবাদিকদের বলেন, আদালত বাদি পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে এ রায় দিয়েছেন। তাই তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তূর্যর কাকা কানুলাল ঘোষ এবং ভগ্নিপতি জয় ঘোষ।
এর আগে এ বিচারক মামলার রায় ঘোষণা তিন বার পিছিয়ে দিয়েছিলেন। মামলায় হত্যার ঘটনা স্বীকার করে দণ্ডিত আবু সাঈদ, শামসুন নাহার শিউলি এবং আল মামুন ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।
মুক্তিপণ আদায়ের লক্ষ্যে হত্যাকারীরা শিউলির মাধ্যমে তূর্য কে তার উত্তরার বাসা থেকে শিউলির ১৬৮/এ দক্ষিণ রামপুরার বাসায় ডেকে নিয়ে যায় ২০০৬ সালের ২৯ অক্টোবর। এক পর্যায়ে নাক-মুখে বালিশ চেপে ধরে তূর্যকে হত্যা করা হয়। হত্যাকারীরা তার লাশ দ্বিখণ্ডিত করে নিচের অংশ রামপুরা টিভি স্টেশনের কাছে নূরা পাগলার গলিতে এবং ওপরের অংশ ওয়াপদার ঝিলে ফেলে দেয়।
এরপর আসামীরা খুনের ব্যাপারটি গোপন রেখে এক কোটি টাকা মুক্তিপণ দিলে তূর্যকে ফেরত দেবে বলে তার বাবা জগন্নাথ ঘোষকে ফোন করে জানায় । দরকষাকষিতে ১০ লাখ টাকা এবং সাড়ে ১০ ভরি স্বর্ণ মুক্তিপণ হিসাবে সাব্যস্ত হয়। কথামতো টাকা ও স্বর্ণালঙ্কার মিরপুর ১০ নম্বর ব্লকের গোল চক্করে একটি ঠেলাগাড়ির নিচে রেখে আসেন। কিন্তু এরপর হত্যাকারীরা আর তাদের সঙ্গে যোগাযোগ করেনি।
তূর্য্যরে বাবা উত্তরা থানায় প্রথমে অপহরণের অভিযোগ এনে ২০০৬ সালের ৭ নভেম্বর মামলা করেন। পরে ঐ বছরের ১১ ডিসেম্বর তূর্যের গলিত দেহাংশ রামপুরার ঝিল থেকে উদ্ধার করে র্যাব।
হত্যাকারী আবু সাঈদকে গ্রেপ্তার করা হলে সে একই বছরের ২০ ডিসেম্বর হত্যার কথা স্বীকার করে ও অন্যান্য আসামীর নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এর পর অপর আসামিদের গ্রেপ্তার করা হয়।
আল মামুন এবং শিউলিও ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম ২০০৭ সালের ৩ মার্চ দণ্ডিতদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মোট ৩৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এমএ রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৬৪০ঘ.
bdnews24