সাভার, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে মঙ্গলবার ভোরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ যাত্রী। তাদের ঢাকা, ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। এরা হলেন- হাজী রমজান আলী (৬৫) ও আবদুল কুদ্দুস (৩০)। লাশ ধামরাই থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাঙ্গাইলের মধুপুর থেকে নেত্রকোনা পরিবহনের একটি বাসে প্রায় ৪০ যাত্রী ফরিদপুরের চন্দ্রপুরী ওরসে যোগ দিতে যাচ্ছিলেন।
ভোর রাত চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসষ্ট্যান্ডের কাছে পৌঁছালে সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চার যাত্রী নিহত হন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬২৩ ঘ.
bdnews24