২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমার ফাইল সইয়ের অপেক্ষায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত ৩ শিক্ষককে রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার প্রশাসনিক কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যেই এ সংক্রান্ত সব কাজ শেষ হবে। রাষ্ট্রপতি স্বউদ্যোগে শিক্ষকদের ক্ষমা করে দিচ্ছেন। ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ ও ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এই ৩ শিক্ষক রাষ্ট্রপতির ক্ষমার আওতায় আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 06:34 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা,২২ জানুয়ারী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত ৩ শিক্ষককে রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার প্রশাসনিক কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যেই এ সংক্রান্ত সব কাজ শেষ হবে। রাষ্ট্রপতি স্বউদ্যোগে শিক্ষকদের ক্ষমা করে দিচ্ছেন। ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ ও ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এই ৩ শিক্ষক রাষ্ট্রপতির ক্ষমার আওতায় আসছেন। মঙ্গলবার সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন। বেলা ১২ টায় তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো.কাজী আমিনুল ইসলাম রাষ্ট্রপতির কাছে এই ফাইল নিয়ে যাবেন । সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্র ও এক কর্মচারীকে রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণা সংক্রান্ত ফাইলও কাজী আমিনুল ইসলামই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক উল্লিখিত কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণা সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার থেকেই তৈরি ছিল। ড. আনোয়ার হোসেনের ছেলে সঞ্জীব হোসেন ইতিমধ্যেই বলেন, তারা সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করবেন না। সাংবাদিকদের তিনি বলেন, "যতদিন পর্যন্ত এই মামলার সবাই মুক্তি না পাবেন ততদিন আমার বাবা জেল থেকে বের হবেন না। আমার বাবা সরকারের কাছে কোনো ক্ষমাও প্রার্থনা করবেন না।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা আরেকটি মামলার রায়ে মঙ্গলবার কারাবন্দি চার শিক্ষকের মধ্যে ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ ও ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে ড. নিমচন্দ্র ভৌমিক ও ১৫ শিক্ষার্থীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসকে/১২৫৩ঘ.