ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ এক মাস স্থগিত করেছে আপিল বিভাগ।
এর ফলে জলিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা চলতে আর বাধা নেই বলে আইনজীবী জানিয়েছেন।
এ মামলা কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে র্দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. আবদুল মতিনের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এই আদেশ দেন। আদালত এই সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লিভ টু আপিল দায়ের করতে বলেছে।
শুনানিতে অংশ নেওয়া কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের এ আদেশের ফলে জলিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা চলতে আর বাধা থাকছে না।
আবদুল জলিলের পক্ষে শুনানিতে অংশ নেন আজমালুল হোসেন কিউসি।
গত ১৩ জানুয়ারি হাইকোর্ট আবদুল জলিলের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে এ মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়ে দুদক চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে রুল জারি করে।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এনামুল হক চৌধুরী গত ১৮ ডিসেম্বর রমনা থানায় এ মামলা দায়ের করেন। এতে জলিলের বিরুদ্ধে দুদকে জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে ৬৩ লাখ ৮২ হাজার টাকা কম দেখানো এবং ৬৫ লাখ ২৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
গত বছর ২৮ মে আবদুল জলিলকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এমএ/১৭০৭ঘ.
bdnews24