ঝিনাইদহ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরের আরাপপুরে মন্টু লস্করের পুকুর থেকে রোববার বোমা তৈরির উপাদান ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
উদ্ধার করা সরঞ্জাম ও উপাদানের মধ্যে রয়েছে বিস্ফোরক পাওয়ার জেল এক কেজি, অ্যামিটার দুইটি, ঘড়ি তিনটি, রিমোট কন্ট্রোল একটি ও অজ্ঞাত রাসায়নিক ১৮০ গ্রাম। এছাড়াও রয়েছে পেনসিল ব্যাটারি, বৈদ্যুতিক তার ও স্ক্রু-ড্রাইভার।
র্যাব ঝিনাইদহ ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপনে সংবাদ পেয়ে পুকুরের পানি সেচে কাদার ভেতর থেকে দুটি পলিথিনের প্যাকেটে মোড়া বিস্ফোরক ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত বিস্ফোরকগুলো মারাত্মক ধংসাত্মক ক্ষমতাসম্পন্ন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24